বাঁধ ভেঙে তলিয়েছে ফসল, ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর পানির তোড়ে গতকাল বুধবার সিরাজগঞ্জের কাজিপুরে সিন্না-গোদারবাগ বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় ৫০ হেক্টর জমির তিল, পাট এবং শতাধিক ঘর তলিয়ে গেছে।

একই দিন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা-কুতুবপুর এলাকায় নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গতকাল ভোরে ভেঙে গেছে। এতে ৩১ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার দীর্ঘ সিন্না-গোদারবাগ বাঁধটি নির্মাণ করা হয়। গতকাল ভোরে গোদারবাগ এলাকায় বাঁধের প্রায় ৫০০ মিটার অংশ ভেঙে পানি ঢুকে শতাধিক ঘর তলিয়ে যায়। এ ছাড়া ৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। লোকজন বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে।

সারিয়াকান্দির চন্দনবাইশা-কুতুবপুর এলাকায় নির্মাণাধীন বাঁধ গতকাল ভোরে ভেঙে তলিয়ে গেছে ৩১ হেক্টর জমির ফসল। খবর পেয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খান ঘটনাস্থলে যান। পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, কুতুবপুরের কাছে নির্মাণাধীন বাঁধের ১০০ ফুট ভেঙে গেছে। বাঁধ ভেঙে গেলেও পানির উচ্চতা কম থাকায় তেমন কোনো ক্ষতি হয়নি। দু-একদিনের মধ্যে সেখানে প্রতিরোধমূলক কাজ করা হবে।