বাঁধ ভেঙে তলিয়ে গেছে দুই হাজার বিঘার ফসল
ঝিনাইদহের শৈলকুপায় জি কে সেচ প্রকল্পের (গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প) খালের বাঁধ ভেঙে পানি ঢুকে প্রায় দুই হাজার বিঘা জমির ফসল তলিয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাতলাগাড়ি বাজারের পাশে চর-বাখরবা গ্রাম এলাকায় এই খালের বাঁধ ভেঙে তিনটি গ্রামের মাঠে পানি প্রবেশ করে। চর-বাখরবা গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম জানান, বুধবার দুপুরে তাঁরা প্রথম বাঁধে ফাটল দিয়ে পানি প্রবেশ করতে দেখেন। এই অবস্থা দেখে তাঁরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাঠকর্মী মোশারফ হোসেনকে বিষয়টি অবহিত করেন। মোশারফ হোসেন গ্রামের লোকজনকে জানান, এই ছোট সমস্যার কারণে কোনো বরাদ্দ দেবে না কর্তৃপক্ষ। এ কারণে তাঁর পক্ষে কিছু করা সম্ভব নয়। এরপর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে বাঁধে বিশাল ভাঙন দেখা দেয়। অল্প সময়ের মধ্যে খালের পানি চার-বাখরবা গ্রামের মাঠ ছাড়িয়ে পাশের পুরোনো বাখরবা ও গোয়ালবাড়িয়া গ্রামের মাঠে প্রবেশ করে। গ্রামবাসী তাৎক্ষণিকভাবে পাশের সানদিয়াড়া গ্রাম এলাকার খালের জলকপাটটি (স্লুইসগেট) বন্ধ করে দেন। কিন্তু জলকপাটের নিচে ফাঁকা থাকায় পানি প্রবেশ বন্ধ হচ্ছে না। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত মাঠে পানি প্রবেশ অব্যাহত আছে। ইতিমধ্যে তিন-চার কিলোমিটার এলাকার ফসল পানিতে ডুবে গেছে। পাট, তিলসহ নানা ফসলের ক্ষতি হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। ইতিমধ্যে বিস্তীর্ণ এলাকায় পানি থইথই করছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পাউবোর কর্মকর্তাদের জানানো হয়। কিন্তু তাঁরা কোনো উদ্যোগ নেননি। এ কারণে শুক্রবার বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতির পর গতকাল শনিবার পাউবোর মাঠকর্মী মোশারফ হোসেন ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ কৃষকেরা তাঁকে মারপিট করেন।চর-বাখরবা গ্রামের আবদুল হান্নান জানান, তাঁর দুই বিঘা জমির তিলখেত পানির নিচে। চারাগাছ হওয়ায় ২৪ ঘণ্টা পানির নিচে থাকলে সেই পাট ও তিলগাছ আর বেঁচে থাকবে না। কয়েক হাজার কৃষকের আনুমানিক দুই হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। একই গ্রামের আজাদ শেখ জানান, কর্তৃপক্ষ প্রথমেই ব্যবস্থা নিলে তাঁদের এই ক্ষতি হতো না। এমনকি বাঁধ ভেঙে যাওয়ার পরও তাঁরা মাঠে পানি প্রবেশ বন্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।স্থানীয় সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, পাউবো কর্তৃপক্ষের গাফিলতির কারণেই কৃষকের এই ক্ষতি হয়েছে। এখনো পানি প্রবেশ বন্ধে পাউবোর কোনো পদক্ষেপ নেই। এ অবস্থা চলতে থাকলে আরও তিন-চারটি গ্রামের মাঠের ফসল তলিয়ে যাবে। পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল লতিফ জানান, এলাকার লোকজন আগেই বাঁধের ফাটল দেখেছিল, এটি তাঁকে কেউ জানাননি। আর বর্তমানে বাঁধ মেরামতের জন্য তাঁরা যেতে পারছেন না। মাঠকর্মীকে পরিস্থিতি দেখার জন্য পাঠিয়েছিলেন, তাঁকে মারপিট করা হয়েছে। বর্তমানে তিনি শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন। নতুন করে হামলার আশঙ্কায় তাঁরা কেউ যেতে পারছেন না।