সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদারিয়া ও আলনির দাইড় ফসল রক্ষা বাঁধটি ভেঙে ৭০৪ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদারিয়া হাওরে ৭৪১ ও আলনির দাইড় বাঁধের আওতায় ডুবাইল হাওরে ৪৯৪ একর জমিতে বোরো ধান চাষ করা হয়েছিল। এই দুটি হাওরের সব জমিই পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কৃষকদের। গত বুধবার রাত আটটার দিকে ভূমিকম্পের কারণে মারাদারিয়া হাওরের বাঁধে ফাটল দেখা দেয় এবং এর বেশ কিছু স্থান ভেঙে যায়। এতে ওই হাওরের ৩৯৫ একর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এ বাঁধটি ভেঙে যাওয়ায় পর পানির প্রবল ধাক্কায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে আলনির দাইড় ফসল রক্ষা বাঁধটি ভেঙে গিয়ে ডুবাইল হাওরের ৩০৯ একর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে থাকা মো. সুজা-উদ-দৌলা বাঁধ ভেঙে যাওয়ায় ৭০৪ একর জমির বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক সেলিম আহম্মেদ বলেন, পাউবো ও সংশ্লিষ্ট পিআইসি কমিটির লোকজন বাঁধের কাজে সীমাহীন গাফিলতির কারণেই ডুবাইল হাওরটিতে ফসলডুবির ঘটনা ঘটেছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোকাররম হোসেন বলেন, মারাদারিয়া হাওরের বাঁধে পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্প ছিল না। আকস্মিক ভূমিকম্পের কারণেই বাঁধটিতে ফাটল ধরে এই ফসলডুবির ঘটনা ঘটেছে। আর এ পানির প্রবল ধাক্কার কারণেই আলনির দাইড়ের প্রতিরক্ষা বাঁধে ফাটল ধরে ডুবাইল হাওরটিতে পানি ঢুকে পড়ে। এ বাঁধের মেরামতকাজ সঠিকভাবেই করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক বলেন, ‘আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ওসি সাহেবকে নিয়ে দুই সপ্তাহ ধরে ফসল রক্ষা বাঁধগুলো নিয়মিত পরিদর্শন করছি। যেসব বাঁধ ঝুঁকিতে রয়েছে, সেসব বাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বলা হচ্ছে।’