বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের আন্ধারমানিক নদের মোহনায় নিজামপুর গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তিনটি গ্রামে জোয়ারের পানি ঢুকে পড়েছে৷
বসতঘর ও উঠান পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে গ্রামের মানুষ৷ নোনা পানিতে ফসলি জমি ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় লোকজন৷ এ ছাড়া চারদিক পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারছে না৷
স্থানীয় কয়েক ব্যক্তি জানান, বঙ্গোপসাগরের কাছে হওয়ায় এই বাঁধটির ওপরে পানির চাপ সব সময় বেশি থাকে৷ জোয়ারের পানির চাপে গত শুক্রবার থেকেই বাঁধটিতে ফাটল দেখা দেয়৷ শনিবার সকালে নিজামপুর গ্রামে বটতলা পয়েন্টে বাঁধ ভেঙে যায়৷
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, নিজামপুর গ্রামের তিন হাজার ৩৪৫ ফুট দৈর্ঘ্যের বন্যানিয়ন্ত্রণ বাঁধটির অন্তত পাঁচটি অংশে ভাঙন রয়েছে৷ এসব অংশে বাঁধের মাটি অর্ধেক ধসে পড়েছে৷ দু-এক দিনের মধ্যে এসব পয়েন্ট পুরোপুরি ভেঙে যেতে পারে৷
তা ছাড়া বাঁধের বটতলা অংশে অন্তত ২৫০ ফুট ভাঙন রয়েছে৷ ওই ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ইউনিয়নের নিজামপুর, পুরান মহিপুর ও সুধীরপুর গ্রাম তলিয়ে রয়েছে৷ বাড়িঘরের উঠানে দেড় থেকে দুই ফুট উচ্চতায় পানি জমে আছে৷ কৃষকের আউশ ধান ও পুকুরের মাছ ভেসে গেছে৷
নিজামপুর গ্রামের আশরাফ আলী মৃধা বলেন, ‘লবণপানি হান্দনে চাষাবাদের ক্ষতি যা অইছে, হ্যা কাইট্যা ওডাই তো মুশকিল৷ হ্যা ছাড়া ঘর-দুয়ার তলাইয়া যাওনে মোগো চলাফেরা করাও কষ্টকর অইয়া পড়ছে৷’
নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ভদ্র বলেন, জোয়ারের পানি ঢুকে চারদিক প্লাবিত হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না৷
গ্রামের কয়েকজন বাসিন্দা বলেছেন, সাগরমোহনার এই বাঁধটিতে সরাসরি জোয়ারের চাপ পড়ে৷ ফলে বিগত দিনে বাঁধটি মেরামতের সময় পুরোনো জায়গা থেকে একটু ভেতরে সরিয়ে নিতে বলা হয়েছিল৷ কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) স্থানীয় লোকজনের মতামতকে গুরুত্ব দেয়নি৷
নিজামপুর গ্রামের ইউপি সদস্য সুলতান খাঁ বলেন, ‘আমি নিজে পাউবোকে বাঁধটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছি৷ গত মাসে তারা এসে বাঁধের অবস্থা দেখে গেছে৷ তখন এটি জরুরি মেরামত করা হবে বলে জানানো হয়৷ কিন্তু এর আগেই বঁাধটি ভেঙে গেল৷’
পাউবোর কলাপাড়া সেকশন অফিসার (এসও) এবং ওই বাঁধের দেখভালের দায়িত্বে থাকা নুরুল হুদা এই প্রতিবেদককে বলেন, ‘ঝুঁকিপূর্ণ ওই পয়েন্টে মেরামতের কাজ করাতে একটি প্রস্তাব পাউবোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছিল৷ এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি৷ তাহলে আমরা কী করতে পারি, বলেন৷’