বাঁধ ভেঙে দাকোপ ও কয়রায় ৫ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারের চাপে খুলনার উপকূলীয় দাকোপ ও কয়রা উপজেলায় বাঁধ ভেঙে অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

কয়রার উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের ((ইউপি) চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার দুপুরে জোয়ারের পানিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের আওতাধীন হরিহরপুর এলাকার বাঁধের প্রায় ১০০ মিটার ভেঙে গেছে। এতে হরিহরপুর, গাতিরঘেরি ও পদ্মপুকুর গ্রামের কমপক্ষে ২৫০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া চিংড়িঘের পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় এক কোটি টাকার চিংড়ির ক্ষতি হবে। তিনি অভিযোগ করেন, বাঁধের ওই অংশ বরাবরই দুর্বল থাকা সত্ত্বেও পাউবো স্থায়ী সমাধান করতে পারেনি। সেখানে এক বছরে এই নিয়ে তিনবার ভেঙেছে।

এ ব্যাপারে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, এর আগে ওই এলাকায় দুবার ভেঙেছে এবং দুবারই মেরামত করা হয়েছে। দ্রুত বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হবে। বরাদ্দ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের ঝুলন্তপাড়া এলাকায় শিবসা নদীর জোয়ারের চাপে বেড়িবাঁধের প্রায় ৩৫ মিটার ভেঙে গেছে।

সুতারখালী ইউপির চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, বেড়িবাঁধ ভেঙে পূর্ব ও মধ্যকালাবগী গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জোয়ারের পানি নলিয়ান ও সুতারখালী গ্রামেও ঢুকে পড়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।