বাঁধ ভেঙে দীঘলিয়ায় তিন সহস্রাধিক মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দীঘলিয়া উপজেলার কামারগাতি ও রাধামাধবপুরে বেড়িবাঁধ ভেঙে ৪৬০টি পরিবারের বাড়িঘর প্লাবিত হয়েছে। ২৫-৩০টির কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে তিন সহস্রাধিক মানুষ। অনেকে পাশের পাকা রাস্তায় আশ্রয় নিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ভৈরব নদের শাখা চারাকাঠার পশ্চিম কূলঘেঁষে গড়ে উঠেছে কামারগাতি ও রাধামাধবপুর গ্রাম দুটি। দুই বছর ধরে গ্রামের তিন কিলোমিটার বেড়িবাঁধটি দফায় দফায় ভেঙে চলেছে। অধিকাংশ সময় গ্রামবাসীর উদ্যোগে সংস্কার হয়েছে। বিভিন্ন সময়ে সরকারি টাকা বরাদ্দ হলেও তা এলাকাবাসীর কোনো উপকারে আসেনি। গত বৃহস্পতিবার শেখপাড়া পয়েন্টে বড় ধরনের ভাঙন হয়। গত রোববার সরেজমিনে দেখা যায়, ভেঙে যাওয়া স্থান থেকে হু হু করে পানি দুই গ্রামে ঢুকছে। প্রতিটি ঘরের মধ্যে পানি জমে আছে। জোয়ারের সময় ঘরের মাঝখান পর্যন্ত পানি যেতে দেখা যায়। অনেকে বাস্তার ওপর মাচা করে বাস করছে। শিক্ষার্থীরা ভিজে যাওয়া বই শুকাচ্ছে পাকা রাস্তার ওপর। রাধামাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মধ্যে বেশ পানি জমেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তার (৩০) বলেন, ‘শ্রেণীকক্ষে এক হাত পানি উঠেছে। পানি জমে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে না।’রাধামাধবপুর গ্রামের রিপ্তি খাতুন (২২) বলেন, ‘শুক্রবার আমার ঘর ভেঙে গেছে। রাস্তার পরে পাটি ফ্যালাইয়ে শুয়ে ছিলাম। এহন রাস্তার পরে রান্দে খাচ্ছি। আমাগে কষ্ট দেহার কোন লোক নাই।’ একই গ্রামের জিল্লুর ফকির (৮৫) বলেন, ‘ঘরের মধ্যি স্রোত চলতেছে।’দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউপির চেয়ারম্যান গাজি জাকির হোসেন বলেন, পানির চাপে কাজ শুরু করা যাচ্ছে না। ইউএনও এস এম আজিয়র রহমান বলেন, ‘আমরা জরুরি ভিত্তিতে কাজ শুরু করছি। ক্ষতিগ্রস্ত লোকজনকে তাড়াতাড়ি চাল দেওয়া শুরু করব।’