বাঁধ ভেঙে দুই জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত
বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি ও সারিয়াকান্দি উপজেলায় নির্মাণাধীন চন্দনবাইশা বিকল্প বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। গত শনিবার রাতে যমুনা নদীর পানির তোড়ে বাঁধটি ভেঙে যায়।কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কিলোমিটার বাঁধ ও প্রায় দুই হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।পাউবোর বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর ভয়াবহ ভাঙন রোধে চন্দনবাইশার উজানে ২০০ মিটার বিকল্প বাঁধটির নির্মাণ গত মাসে শুরু হয়। বাঁধটির নির্মাণকাজ শেষ হওয়ার পথে। এরই মধ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পানির তোড়ে বাঁধটি ভেঙে যায়।গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ধুনট শহড়াবাড়ী পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বাঁধের ভাঙা অংশ দিয়ে নদীর পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার কয়েক শ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পানি প্রবেশ অব্যাহত রয়েছে। কুতুবপুর, কামালপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী গাবতলী ও ধুনট উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে ধুনটের দুটি ইউনিয়নের ১৬টি গ্রামের প্রায় এক হাজার বিঘা জমির রোপা আমন তলিয়ে গেছে। এদিকে গত এক মাসে চন্দনবাইশার তালুকদারপাড়ার দুই হাজার পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। এখন মূল চন্দনবাইশা বাজার গ্রাস করছে যমুনা। পাউবো ভাঙন প্রতিরোধে বালুর বস্তা ফেললেও তা কাজে আসছে না। এ কারণে এলাকার শত শত মানুষ প্রতিদিন ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। বগুড়া পাউবোর উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হক জানান, শনিবার রাতে সারিয়াকান্দি-চন্দনবাইশা যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৬০ মিটার ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করা সম্ভব নয়। নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, অর্থ বরাদ্দ না থাকা সত্ত্বেও তাঁরা বাঁধ নির্মাণের চেষ্টা করছিলেন। এই বাঁধটি রক্ষা করতে পারলে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার বিস্তীর্ণ এলাকার আমন এবং অন্যান্য ফসল বন্যার পানি থেকে রক্ষা পেত। অন্যদিকে কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। পাউবোর এক কিলোমিটার বাঁধ ও প্রায় দুই হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে।শনিবার উলিপুরে তিস্তা নদীর ভাঙন এলাকায় গিয়ে দেখা গেছে, স্রোতের তোড়ে নদীর পাড়ের মাটি ধসে পড়ছে। ভাঙনে হুমকির মুখে রয়েছে খামারদামার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিরহাট দাখিল মাদ্রাসা ও বন্যা আশ্রয়কেন্দ্র। এলাকাবাসী জানান, গত মৌসুমে ভাঙনরোধে কুড়িগ্রাম পাউবো উত্তর খামারদামার হাটে ১৬ লাখ টাকা ব্যয়ে বাঁশের ২০টি বোল্লা স্পার নির্মাণ করে। কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়। ভাঙনে এক কিলোমিটার বাঁধের রাস্তাসহ ১৩টি বোল্লা স্পার বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ফুলবাবু মিয়া (৬৫) ও আবদুর রশীদ (৪০) জানান, ভিটেমাটি হারিয়ে তাঁরা এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। খামারদামার হাট গ্রামের নুর ইসলাম ফকির জানান, তাঁর বসতবাড়ি ও তিন একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কাইয়ুম (৬০) জানান, এক সপ্তাহ আগে তাঁর শেষ সম্বল বাড়িটি তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে। গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, তাঁর ইউনিয়নের বেশ কয়েকটি মৌজা নদীতে বিলীন হয়েছে এবং এক হাজার পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়েছে। উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন বলেন, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কুড়িগ্রাম পাউবোকে চিঠি দেওয়া হয়েছে।কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, ওই এলাকার ভাঙনরোধে একটি প্রকল্প প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।