বাঁধ ভেঙে দুটি হাওরের ফসলপানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার জয়শ্রী ইউনিয়নের সোনারমড়ল হাওর বাঁধের উত্তর অংশ ভেঙে খয়রা ও বৈঠাখালী নামের দুটি হাওরের প্রায় ১২০ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ফলে সরস্বতীপুর, বানারসীপুর ও সুন্দরপুর গ্রামের দরিদ্র কৃষকেরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়োজিত ঠিকাদার বাঁধে নিম্নমানের কাজ করায় এ ঘটনা ঘটেছে। বানারসীপুর গ্রামের কৃষক মো. সুলতান মিয়া (৪০) বলেন, ‘সরহার বাঁধ বান্ধনের লাইগ্যা লাখ লাখ ট্যাহা দেয়। কিন্তু কোনো রহমে কাম শেষ কইর্যা ঠিকাদাররা সব লুইট্যা পুইট্যা খায়। অহন যে আমরার কী অইবো আল্লাহ জানেন।’এ ব্যাপারে বাঁধের সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হেকিম বলেন, ‘বাঁধের একটি অংশে ছিদ্র হয়ে পানি হাওরে প্রবেশ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল আউয়াল বলেন, ‘সোনারমড়ল হাওরের বাঁধ ভেঙে দুটি হাওর পানিতে তলিয়ে গেছে। অন্য হাওরগুলোর ফসলহানি যাতে না ঘটে, সে জন্য আমরা স্থানীয় জনগণকে নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’