বাঁধ ভেঙে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর মহিষনটি বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তা ভেঙে চার দিন ধরে ৩০ গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থার অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীর পানি বেড়ে বাঁধের ভাঙা অংশ দিয়ে ফসলের মাঠে ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
বাঁধসংলগ্ন জালশুকা গ্রামের হাসানুল করিম বলেন, অনেক আগে বাঁশ ও সিসি ব্লক দিয়ে বাঁধের তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করা হয়েছিল। এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতে সৃষ্ট পানির স্রোতে বাঁধের মহিষনটি এলাকা ভেঙে যায়। ফলে বাঁধের ওপর দিয়ে হেঁটে যাতায়াত ও যান চালাচল বন্ধ হয়ে গেছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভাঙনকবলিত এ স্থান দিয়ে ফসলের মাঠে পানি প্রবেশ করে প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
চকধোলি গ্রামের ভ্যানচালক আশরাফ আলী বলেন, ‘আমাইগরে গ্রাম থাইকে শহরে যাইবার এইডাই রাস্তা। নদীর বান্দা ও সড়ক ভাইঙ্গা যাওয়ায় আমরা ভ্যান নিয়া আর যাইবার পারছি না।’
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) নামে একটি বেসরকারি সংস্থা ধুনট উপজেলার বথুয়াবাড়ি থেকে শেরপুর উপজেলার সাহেববাড়ী ঘাট পর্যন্ত বাঙ্গালী নদীর পূর্ব পাশ দিয়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্য এই বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। এই বাঁধ নির্মাণের ফলে ধুনট ও শেরপুর উপজেলার ৩০টি গ্রামের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পেত। এ ছাড়া গ্রামবাসী বাঁধটিকে চলাচলের পথ হিসেবেও ব্যবহার করত। কয়েক দিনের ভারী বর্ষণে ধুনট উপজেলার পেচিবাড়ি ও শেরপুরের চকধলি গ্রামের মাঝামাঝি অংশে মহিষনটি নামক স্থান গত বৃহস্পতিবার রাতে ভেঙে গেছে। ভেঙে যাওয়া এই অংশের দৈর্ঘ্য প্রায় ৩০ মিটার। ফলে বাঁধের ওপর দিয়ে এলাকাবাসীর চলাচল দুরূহ হয়ে পড়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী রাজস খান বলেন, বাঙ্গালী নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে বাঁধের ভাঙা অংশে মেরামতকাজ শুরু করা হবে।