অস্বাভাবিক জোয়ারের কারণে বলেশ্বর নদের বেড়িবাঁধ ভেঙে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর ও থানাপাড়া এলাকাসহ উপজেলার দুটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে এসব এলাকার কয়েক শ পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের চাপে গত শুক্র ও গতকাল শনিবার উপজেলার নদ-তীরবর্তী বড়মাছুয়া ইউনিয়নের চরভোলমারা ও দক্ষিণ বড়মাছুয়া এবং সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া ও খেতাছিড়া গ্রামে বেড়িবাঁধের চারটি স্থান পর্যায়ক্রমে ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে চার ফুট পানি বাড়ায় পৌর শহরের দক্ষিণ বন্দর ও থানাপাড়া এলাকার একাংশ প্লাবিত হয়। এতে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে পানি ঢুকে পড়ে।
দক্ষিণ বন্দর এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী কাওসার মল্লিক বলেন, জোয়ারের পানি তাঁর দোকানে ঢুকে পড়েছে। ফলে তিনি কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। একই এলাকার গৃহিণী ইসরাত জাহান বলেন, জোয়ারের পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় তাঁরা রান্না করতে পারছেন না। সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু সালেহ জানান, জোয়ারের পানির চাপে খেতাছিড়া ও কচুবাড়িয়া গ্রামে বেড়িবাঁধের তিনটি স্থান ভেঙে ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েক শ বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বড় মাছুয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ আলী জানান, চরভোলমারা স্লুইসগেট এলাকায় বেড়িবাঁধ ভেঙে গিয়ে ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ বলেন, ‘উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর শহরের নিম্নাঞ্চল উঁচু করার একটি পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি। প্রকল্পটি বাস্তবায়িত হলে জোয়ারে শহরের নিম্নাঞ্চল আর প্লাবিত হবে না।’
পাউবো মঠবাড়িয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন, অস্বাভাবিক জোয়ারের কারণে নদ-নদীর পানি বেড়েছে। বেড়িবাঁধের ভেঙে যাওয়া স্থানগুলো সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।