বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদের অস্বাভাবিক জোয়ারে গতকাল শনিবার সকালে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া বিকল্প বন্যানিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে চাড়িপাড়া, ১১ নম্বর হাওলা, বানাতিপাড়া, পশুরবুনিয়া ও ধনজুপাড়া গ্রাম। পুরোনো বাঁধটি সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত হলে বিকল্প এই বাঁধ দেওয়া হয়।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০১৩ সালের নভেম্বরে এক কিলোমিটার দীর্ঘ এই বিকল্প বাঁধের নির্মাণ শুরু হয়। চলতি বছরের মার্চে শেষ হয় নির্মাণকাজ।
সরেজমিনে দেখা গেছে, গতকাল সকালে চাড়িপাড়া বিকল্প বাঁধের মাঝের অংশ থেকে অন্তত ৭৬ মিটার বাঁধ রাবনাবাদ নদের জোয়ারের চাপে ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকেছে। ফলে বাড়িঘর ও আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। এই গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধে যাতায়াতের একমাত্র যে রাস্তাটি রয়েছে তার দুদিকেই জোয়ারের পানি থইথই করছে। ভাঙা বাঁধ মেরামত না করলে জোয়ারের পানি আরও বাড়তে থাকবে।
স্থানীয় লোকজন জানান, বাঁধ ভেঙে যাওয়ায় চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, মসজিদসহ আরও শতাধিক পরিবারের বসতবাড়ি চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এ কারণে গ্রামের কৃষক ও জেলে পরিবারের বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. ফোরকান প্যাদা বলেন, ‘দ্যাহেন না মোগো অবস্থা। মোনে অয় কোনো দ্বীপের মধ্যে মোরা বাস করছি। মোগো আর কিছু লাগবে না। মোগো বাঁচাইতে অইলে তাড়াতাড়ি বানডা ঠিক কইর্যা দেতে কন।’
বর্ষা মৌসুমের শুরুতে এমন পরিস্থিতিতে আমন চাষাবাদও ভেস্তে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চাড়িপাড়া গ্রামের চান মিয়া আকন বলেন, ‘মুই দুই বিঘা জমিতে আমনের বীজতলা করছেলাম। হেইয়া পানিতে তলাইয়া গ্যাছে। ক্যামনে যে কী করমু হেইয়াই কইতে পারি না।’ তিনি জানান, গ্রামের প্রায় ১০০ কৃষকের আমনের বীজতলা জোয়ারের পানিতে নষ্ট হয়ে গেছে।
জোয়ারে পানি ঢুকে পড়ায় বেশি বিপাকে পড়েছে চাড়িপাড়া গ্রামের বাঁধের কিনারায় বসবাস করা ছিন্নমূল পরিবারগুলো। বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় মেছের আলী মোল্লা, হাসমত আলী হাওলাদার, আনেছ হাওলাদার, শানু হাওলাদার, নিজাম ফকির, রুবেল মোল্লা, দেলোয়ার খাঁর মতো অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।
লালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর তারিকুজ্জামান বলেন, পাউবোর কাছে আশ্বাস না পেয়ে বাঁধ রক্ষায় গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় ১৫ দিন আগে বালুর বস্তা, মাটির বস্তা, টিন ও গাছের বল্লি গেড়ে দেওয়া হয়েছে। তাতেও কোনো কাজ হয়নি। এতে পাঁচটি গ্রামে জোয়ারের পানি ঢুকেছে।
কলাপাড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. আবুল বাশার বলেন, ‘আমরা খবর পেয়েছি। বাঁধের ক্ষয়ক্ষতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।’