বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার আড়ুয়া-মাধবপুরে গত বৃহস্পতিবার রাতে বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রামের সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। অনেক কাঁচা বাড়িঘর ভেঙে যাওয়ায় এবং ঘরের মধ্যে পানি ওঠায় শতাধিক পরিবারের লোকজন বিভিন্ন রাস্তার ওপর অবস্থান নিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত আতাই নদীর পাশে বেড়িবাঁধ (গ্রামরক্ষা বাঁধ) ভেঙে যাওয়ায় কামারগাতি, মাধবপুর, আমবাড়িয়া, রাধামাধবপুর ও আড়ুয়া গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে। ভাঙনের কারণে ওই গ্রামগুলোর অধিকাংশ মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। মাধবপুর গ্রামের খাজা শেখ (৩৫) বলেন, ‘মেলা দিন ধরে আমগে এহিনি ভাঙন চলতেছে। খুব বেশি হলি চেয়ারম্যান-মিম্বাররা একট্টু বুজলো (ঠেকা) দে। বৃহস্পতিবার রাত্তিরিত্তে দেখতি দেখতি বান (বাঁধ) ছুটোয়ে নিয়ে গেল। সেইসঙ্গে আমার বাড়িউ ভাসে গ্যালো।’ বারাকপুর ইউপির চেয়ারম্যান গাজী জাকির হোসেন বলেন, অনেক দিন ধরে এলাকার রিং (বেড়ি) বাঁধে ভাঙন চলছে। তিনি নিজ উদ্যোগে বেশ কয়েকবার মেরামত করেছেন। এক মাস আগেও একবার মেরামত করেছেন। কিন্তু বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার রাতে প্রবল জোয়ারে সব ভেসে গেছে। হাজারের ওপর বাড়িতে কোমরপানি। শতাধিক পরিবার রাস্তায় আশ্রয় নিয়েছে। কিন্তু সরকার এখনো সহায়তার হাত বাড়ায়নি।দিঘলিয়ার ইউএনও এস এম অজিয়র রহমান বলেন, জরুরি ভিত্তিতে বাঁধটা আটকানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চরম সংকটগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ শাখা থেকে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।