বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিনোদনগর ইউনিয়নে ঘিরলাই নদের পাশে নির্মিত বাঁধের কিছু অংশ গত বুধবার রাতে গেছে ভেঙে। এতে কয়েক শ একর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া বাঁধের ওপর দিয়ে চলাচলকারী ১৫টি গ্রামের বাসিন্দারাও ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, অপরিকল্পিত ও দায়সারাভাবে বাঁধ সংস্কার করায় তা ভেঙে গেছে।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পের আওতায় প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুর থেকে কাঁচদহ পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার বাঁধের সংস্কার ও ঘিরলাই নদটি খনন করা হয়। পূর্ব জয়দেবপুর-কাঁচদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এ সংস্কারকাজ করে।
সরেজমিনে গত রোববার দেখা যায়, ইউনিয়নের ইটাপাড়া (বুল্লির মোড়) এলাকায় বাঁধটি ভেঙে বিশাল এক গর্ত তৈরি হয়েছে। কয়েকজন শ্রমিক সেটি সংস্কারের কাজ করছেন। এ সময় কয়েকজন গ্রামবাসী বলেন, এই বাঁধ তাঁরা রাস্তা হিসেবেও ব্যবহার করেন। এ রাস্তা দিয়ে বিনোদনগর ইউনিয়নের রাঘোবৃন্দপুর, কলমদারপুর, কামারপাড়া, চাকপাড়া, কুটিহার নয়াপাড়া, খামার, সোনাতলা, সড়কপাড়া এবং রংপুরের মিঠাপুকুরের মিলননগর ইউনিয়নের চকগোপাল, খয়েরবাড়ি, জগন্নাথপুর, মানিকপাড়া, দুর্গাপুর ও মিলনপুর গ্রামের লোকজন চলাচল করেন। এক মাস আগে বাঁধের ওপর একটি বড় গর্ত তৈরি হয়। গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় বাঁধটি ভেঙে যায়। বাধ্য হয়ে স্থানীয় সাংসদ নিজ অর্থায়নে সেটি সংস্কারের কাজ করছেন।
ইটপাড়া গ্রামের মো. জাকারিয়া বলেন, প্রায় এক যুগ আগে বাঁধরক্ষায় তৎকালীন ইউপি চেয়ারম্যান বাঁধের দুই পাশের গর্ত মাটি দিয়ে ভরাট করেছিলেন। এবার সংস্কারের সময় অপরিকল্পিতভাবে বাঁধের দুই পাশে গর্ত করে বালু ও মাটি তুলে সংস্কার করা হয়। এতে গর্তগুলোতে পানি জমে বাঁধ ভেঙে যাচ্ছে। গ্রামবাসী বাঁধের পাশে গর্ত করতে নিষেধ করলে বাঁধ সংস্কারকাজে নিয়োজিত সমিতির লোকজন গ্রামবাসীকে বিভিন্ন ধরনের হুমকি দেন। তাঁর (জাকারিয়া) গায়ে হাতও তোলেন।
গ্রামবাসী রফিকুল ইসলাম, শাহিনুর আলম, সিদ্দিকুর রহমান বলেন, কয়েক দিন টানা বর্ষণ হলেই বাঁধের পশ্চিম পাশের কয়েক শ একর জমির পানিতে তলিয়ে যাবে।
জানতে চাইলে বিনোদনগর ইউপি চেয়ারম্যান মনোয়ার প্রথম আলোকে বলেন, অনিয়ম ও অপরিকল্পিতভাবে বাঁধের সংস্কার করায় আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাঁধ রক্ষায় দ্রুত পদক্ষেপের জন্য উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবদুল কুদ্দস প্রথম আলোকে বলেন, বাঁধ সংস্কারের নিয়োজিত সমিতিকে পুরো টাকা দেওয়া হয়নি। সংস্কারকাজে কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ব জয়দেবপুর-কাঁচদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, বাঁধ সংস্কারে কোনো অনিয়ম হয়নি।
স্থানীয় সাংসদ শিবলী সাদিক গত রোববার প্রথম আলোকে বলেন, ‘বাঁধ ভাঙার খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে নিজ অর্থায়নে বাঁধটি সংস্কার করতে শ্রমিক নিয়োগ করেছেন। আশা করি দু-তিন দিনের মধ্যেই বাঁধের সংস্কারকাজ শেষ হবে।’