বাঁধ ভেঙে ফসল পানির নিচে

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর শিমুলতলা ও খালভাঙ্গা এলাকায় ১৫০ মিটার বাঁধ ভেঙে গেছে। এতে পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার হেক্টরের আমন খেত ডুবে গেছে। শিমুলতলা এলাকায় নির্মাণাধীন দুই লেন সড়কের একাংশ পানির স্রোতে ভেঙে যাওয়ায় নাকুগাঁও স্থলবন্দরের সঙ্গে নালিতাবাড়ীর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে টানা বৃষ্টির কারণে প্রায় সবগুলো নদীর পানি বেড়ে নেত্রকোনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জেলার প্রায় আট হাজার হেক্টরের আমন খেত পানিতে ডুবে গেছে।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত রোববার রাতে নালিতাবাড়ী ইউনিয়নের খালভাঙ্গা এলাকায় ১০০ মিটার এবং বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা এলাকায় ৫০ মিটার বাঁধ ভেঙে যায়। বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে পৌরসভাসহ নালিতাবাড়ী, কলসপাড়, বাঘবেড়, যোগানিয়া এবং মরিচপুরান ইউনিয়নের ৩১টি গ্রাম প্লাবিত হয়। ডুবে যায় সাড়ে তিন হাজার হেক্টর জমির আমন খেত। পানিবন্দী হয়ে পড়ে পাঁচ শতাধিক পরিবার। এ ছাড়া প্রায় ২০০টি পুকুরের মাছ ভেসে যায়।
খালভাঙ্গা এলাকার মোফাজ্জল হোসেন বলেন, ‘আমার দুই একর জমিত ধানের থোড় আইছিলো, হঠাৎ কইরা গাঙ্গের বানডা ভাইঙ্গা গিয়া খেতটা পানির নিচে ডুইবা গেছে। অহন কী করমু বুঝবার পাইতাছি না।’ মরিচপুরান এলাকার গৃহিণী রমিছা খাতুন বলেন, ‘রাইতে হঠাৎ ঘরে পানি আইছে, তাড়াতাড়ি কইরা সবকিছু চকির ওপের তোলাই হালাইছি। চুলায় পানির নিচে ডুবাই থাহুনে রান্দাবাড়া বন্ধ। পানি না কমা পর্যন্ত কোনো উপায় নাই।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল বলেন, ঢলের পানিতে তলিয়ে যাওয়া অধিকাংশ ধানগাছ থোড় অবস্থায় রয়েছে। এ ছাড়া কিছু খেতে ধানগাছ কুশি অবস্থায় রয়েছে। দু-এক দিনের মধ্যে পানি নেমে গেলে ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান বলেন, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এলাকাবাসী, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির কারণে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিবৃষ্টির কারণে নদীর পানি বেড়েই চলছে। বেশ কিছু এলাকার সড়ক ও বাড়ির উঠানে পানি উঠে পড়েছে।
কৃষি বিভাগের হিসাবমতে, সদর, দুর্গাপুর, পূর্বধলা, কলমাকান্দা, মোহনগঞ্জ, কেন্দুয়া এবং মদন উপজেলার কমপক্ষে আট হাজার হেক্টর রোপা আমন খেত পানিতে নিমজ্জিত হয়েছে।
কলমাকান্দা উপজেলার কৃষক পল্লব চক্রবর্তী বলেন, ‘দুইবার ধান লাগালাম। পানির কারণে ঠেকাতে পারলাম না। এখন আর ধানের চারা লাগাতে পারব কি না বুঝতে পারিছি না। আমি শেষ।’
পাউবোর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে তিনি আশা করছেন।