বাঁধ ভেঙে ফসলি জমিতে চিনিকলের বিষাক্ত পানি
পাবনা চিনিকলের বর্জ্য ও বিষাক্ত পানিতে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ৩০০ বিঘা জমির ফসল তলিয়ে গেছে। চিনিকলের লেগুনের বাঁধ ভেঙে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার সকালে ভাড়ইমারী আঞ্চলিক সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল ও ঈশ্বরদী-পাবনা মহাসড়কে আখবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেন কৃষকেরা। এ সময় তাঁরা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও বর্জ্য অপসারণের দাবি জানান। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষকেরা দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন। এ ঘটনায় গতকালই ইউএনওর নির্দেশে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং বাঁধ ভাঙার কারণ অনুসন্ধানের জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গ্রামবাসী জানান, কয়েক বছর আগে পাবনা চিনিকল দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারীর মৃত পদ্মা নদীর শাখার পূর্বদিকে বাঁধ দিয়ে একটি লেগুন তৈরি করে। এই লেগুনে মিলের বর্জ্য ও বিষাক্ত পানি চিনিকলের খাল দিয়ে এসে জমা হয়। কিন্তু এগুলো অপসারণ করার ব্যবস্থা করেনি চিনিকল কর্তৃপক্ষ। গতকালের ঘটনার পর বর্জ্য ও বিষাক্ত পানির দুর্গন্ধে এলাকাবাসীর কষ্ট হচ্ছে।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এলাকার কৃষকেরা লেগুনের বিষাক্ত পানি ও বর্জ্য অপসারণের দাবি জানিয়ে এলেও কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। গত শুক্রবার রাতে হঠাৎ করে লেগুনের উত্তর দিকে কালভার্টের পাশে জমে থাকা পানির চাপে বাঁধের ৩০ ফুট এলাকা ভেঙে যায়। এতে ভাড়ইমারী গ্রামের চুড়িওয়ালা ঘাট থেকে শুরু করে দাশুড়িয়ার শ্মশান পর্যন্ত প্রায় ৩০০ বিঘা জমির গম, মসুর, আখ, সরিষা, ফুলকপি ও বাঁধাকপির খেত বিষাক্ত পানিতে তলিয়ে যায়।
ভাড়ইমারী গ্রামের কৃষক কাজল সরদার জানান, তাঁরা লেগুন ও বাঁধের উত্তর দিকে নিচের জমিতে চাষাবাদ করছেন। কিন্তু বিষাক্ত পানি ও বর্জ্যের কারণে তাঁদের জমির ফসল ফলছে না। নওদাপাড়া গ্রামের কৃষক ইয়ার আলী জানান, রাত দুইটার দিকে পুকুর পাহারা দেওয়ার সময় পানির শব্দ পেয়ে তিনি এসে দেখেন, বাঁধ ভেঙে গেছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার জানান, এ বছর লেগুনের বাঁধ সংস্কারের জন্য কারখানা কর্তৃপক্ষ ২২ হাজার ৬০০ টাকা খরচ করেছে। কিন্তু কী কারণে বাঁধের উত্তর পাশ ভেঙে গেল, তা তিনি জানেন না।
ইউএনও সানোয়ার হোসেন জানান, তিনি ইতিমধ্যে পাবনা চিনিকলকে কৃষকদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।