বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রা উপজেলায় জোয়ারের চাপে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গতকাল তোলা ছবি l প্রথম আলো
খুলনার কয়রা উপজেলায় জোয়ারের চাপে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গতকাল তোলা ছবি l প্রথম আলো

খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের ঘাটাখালি বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত শনিবার মধ্যরাতের দিকে প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙে যায়।

এতে ওই এলাকার কমপক্ষে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধ সংস্কার করা না হলে জোয়ারের পানিতে আরও গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী সূত্র জানায়, জোয়ারের চাপে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩-১৪/২ পোল্ডারের কপোতাক্ষ নদের ওই এলাকার বেড়িবাঁধের প্রায় দেড় শ ফুট জায়গা নদের গর্ভে বিলীন হয়ে যায়। এতে ঘাটাখালি, গোবরা পূর্ব চক, হরিণখোলা ও ২ নম্বর কয়রা গ্রাম লোনা পানিতে প্লাবিত হয়েছে। খবর পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিকল্প বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করেন। কিন্তু পরবর্তী সময়ে জোয়ারের সময় তা আবার ভেঙে যায়। এরপর জোয়ারের পানিতে আরও দুটি গ্রাম প্লাবিত হয়।

ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কপোতাক্ষ নদের ওই বাঁধটি অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ইউপির ৪০ দিনের কর্মসূচির আওতায় স্থানীয় মানুষের সহায়তায় গত কয়েক মাস ওই বাঁধ টিকিয়ে রাখা হয়েছিল। কিন্তু শনিবার রাতে তা ভেঙে যায়।

ইউপি চেয়ারম্যান বলেন, ৪ মে ঘাটাখালি বেড়িবাঁধের দরপত্র সম্পন্ন করে পাউবো। দরপত্রের পর থেকে বারবার পাউবোর কর্মকর্তাদের ঠিকাদার পাঠাতে অনুরোধ করা সত্ত্বেও সময়মতো বাঁধের কাজ না করায় ভাঙনের কবলে পড়তে হয়েছে এলাকার মানুষকে। এ জন্য তিনি পাউবোকে দায়ী করেন।

ওই এলাকার ইউপি সদস্য আবদুল গফফার ঢালী জানান, গতকাল রোববার বিকেল পর্যন্ত তিনটি গ্রামের এক হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তা ছাড়া তিন শতাধিক মাছের ঘের, বিভিন্ন শাকসবজির খেত লোনা পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে ভেঙে যাওয়া বেড়িবাঁধ আটকানো না গেলে কয়রা সদরসহ বিভিন্ন এলাকা লোনা পানিতে তলিয়ে যাবে বলে তিনি জানান।

কয়রার ওই এলাকা রয়েছে পাউবোর সাতক্ষীরা রেঞ্জের মধ্যে। সাতক্ষীরা পাউবোর অতিরিক্ত দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ দাবি করেন, দুই মাস আগে থেকে ওই এলাকাটা ভাঙনের কবলে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এরপর ওই এলাকার বাঁধ সংস্কারে দরপত্র আহ্বান করে এক সপ্তাহ আগে দরপত্র গ্রহণকারীকে কাজের অনুমতি দেওয়া হয়। ওই প্রতিষ্ঠান কাজ বুঝে নিতে নিতেই বাঁধ ভেঙে গেছে। এটা আসলে কপাল খারাপ হিসেবেই ধরতে হবে। তবে আগামীকাল (আজ সোমবার) সবাইকে সঙ্গে নিয়ে পানি আটকানোর চেষ্টা করা হবে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদিউজ্জামান বলেন, গতকাল সকাল থেকে ভেঙে যাওয়া বাঁধ স্থানীয়ভাবে সংস্কারের চেষ্টা করা হয়েছে। তবে সেটা ফলপ্রসূ হয়নি। ভেঙে যাওয়া বেড়িবাঁধ আটকানোর জন্য পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।