বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈতন্যগঞ্জ ও কান্দিগাঁও গ্রামে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। ভাঙনকবলিত বাঁধ দিয়ে পানি ঢুকে ওই দুটি গ্রামের ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে।

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার দাস ও কৃষক নিমাই দাস বলেন, বৃহস্পতিবার ভোরে ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙে গ্রামে পানি ঢোকে। বৃহস্পতিবার বিকেলে নদীর পানি কমতে থাকে। আবার নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ভাঙন দিয়ে পানি ঢুকে গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যায়।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, চৈতন্যগঞ্জের সঙ্গে সঙ্গে গতকাল বিকেলে রহিমপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। পাহাড়ি ঢলের পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি ঢুকছে বাড়িঘরে।

কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ধলাই ও লাঘাটা নদী এবং সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বেড়েছে। ধলাই নদীর ভাঙনকবলিত এলাকা দিয়ে পাহাড়ি ঢলের পানি ফসলি জমিতে ঢুকছে।

পাউবোর (মৌলভীবাজার) নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ধলাই নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করছে। ধলাইয়ের প্রতিরক্ষা বাঁধের ১৬টি স্থান ঝুঁকিপূর্ণ। এসব স্থান দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।

ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত: সরেজমিনে দেখা যায়, ঝড়ে ইউনিয়নের পতনঊষার, নোয়াগাঁও, গোপীনগর ও ধূপাটিলা গ্রামের শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এসব গ্রামের ২০টি পরিবারের লোকজন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। পতনঊষার গ্রামের জৈন মিয়া, আলাল মিয়া, মায়ারুন ও আয়ারুন বেগম জানান, ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় তাঁদের থাকার কোনো জায়গা নেই। খোলা আকাশের নিচে তাঁদের বসবাস করতে হচ্ছে। গতকাল বেলা ১১টায় ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আছাদুজ্জামান দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

ইউএনও জানান, ঝড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া ২৫টি ঘরের মালিককে এক হাজার টাকা করে এবং ৪০০ পরিবারকে দুই কেজি করে শুকনা খাবার দেওয়া হয়েছে।