বাঁধ ভেঙে বোরোর ক্ষতি
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বাঁধ ভেঙে আরও দুটি হাওরে পানি ঢুকে পাকা ও আধপাকা বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত শনিবার সকালে শালদিঘা ও গতকাল রোববার সকালে রামদিঘা বাঁধ ভেঙে যায়।
হাওর দুটির এক পাশে পানি ঢুকলেও অন্য পাশে কৃষকেরা পাকা ও আধপাকা ধান কাটছেন। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ওই দুটি হাওরে পানিতে তলিয়ে যাওয়া ধানি জমির পরিমাণ জানাতে পারেনি উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শালদিঘা হাওরে চলতি বোরো মৌসুমে ৬৫০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। এর মধ্যে ৪০ হেক্টর জমির ধান কাটা বাকি ছিল। কাইলানী-২ হাওরে ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে।
চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাকর তালুকদার বলেন, ‘শালদিঘা ও রামদিঘা বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থ বরাদ্দ ছিল না। স্থানীয়ভাবে আমরা এগুলো মেরামত করেছি। পাহাড়ি ঢলের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার বলেন, অধিকাংশ ফসলরক্ষা বাঁধের কাজে পাউবোর কর্মকর্তারা ও সংশ্লিষ্ট কমিটির লোকজন গাফিলতি করেছেন। এ কারণেই বাঁধ ভেঙে গেছে। ফসলহানির ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, ‘এ পর্যন্ত বাঁধ ভেঙে ছোট-বড় ২৩টি হাওরের ৪ হাজার ৯১৫ হেক্টর জমির পাকা ও আধপাকা ধান পানিতে তলিয়ে গেছে। ওই দুটি হাওরের ক্ষয়ক্ষতির পরিমাণ সোমবার (আজ) বিস্তারিত জানাতে পারব।’