বাঁধ ভেঙে ভেসে গেছে মাছ, ঘরও ক্ষতিগ্রস্ত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফসলরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে লোকালয়ে পানি ঢোকে চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনটি পুকুরের মাছের পানি ভেসে গেছে। এ ছাড়া এতে এক একর জমির বোরোর বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), উপজেলা কৃষি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালী নদীতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এ বছর রাবার বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধের মজুত করা পানি দিয়ে নদীর উজানে তিনটি ইউনিয়নের ২ হাজার ৮০০ কৃষকের প্রায় ১ হাজার ৭২০ একর জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় রাবার বাঁধের এক কিলোমিটার উজানে সন্ন্যাসীভিটা এলাকায় নদীর পূর্ব পাশে ভাঙনের সৃষ্টি হয়। রাতে রাবার বাঁধে মজুত করা পানির চাপে সন্ন্যাসীভিটা এলাকার ফসলরক্ষা বাঁধের ৬৫ ফুট ভেঙে যায়। পরে বাঁধের ওই ভেঙে যাওয়া অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পাঁচটি কাঁচা ঘর ভেঙে গেছে এবং তিনটি পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া পানিতে প্রায় এক একর জমিতে তৈরি করা বোরোর বীজতলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার সকালে বিএডিসির ক্ষুদ্র ও সেচ প্রকল্পের সদস্য পরিচালক মনোয়ারুল ইসলাম, বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফেরদৌস রহমান, রাবার ড্যাম প্রকল্প পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আশরাফ উদ্দিন বাঁধের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করেছেন।
সন্ন্যাসীভিটা এলাকার কৃষক আবদুল বারিক বলেন, ‘কয়েক দিন ধইরা বানের ভাঙন অংশ দিয়া পানি আসত। বিষয়টা পানি ব্যবস্থা কমিটিকে জানানো হইছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিছে না। গতকাল পানির ধাক্কায় বান ভাইঙ্গা আমগর বাড়িঘরে পানি উঠছে। আমার পুকুরের প্রায় ৪০ হাজার টেহার মাছ পানিতে ভাইসা গেছে। আমরা ক্ষতিপূরণ চাই।’
চেল্লাখালী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর ইসলাম বলেন, ‘নদীর উজানে দুটি স্থান কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কিন্তু বাঁধের যেখানে কোনো সমস্যা নেই সেখান দিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। পরে দ্রুত রাবার বাঁধের পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে কৃষকের কোনো ক্ষতি হবে না।’
রাবার ড্যাম প্রকল্প পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।