বাঁধ ভেঙে যাওয়ায় দুর্ভোগ পুনর্নির্মাণের দাবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের গাবের গ্রাম-ভোলারচর বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয় লোকজন। ২০০৮ সালে সাত কিলোমিটার দীর্ঘ ওই বাঁধের প্রায় এক কিলোমিটার অংশ ভেঙে যাওয়ায় স্থানীয় ১০ গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে গাবের গ্রাম থেকে ভোলারচর পর্যন্ত ওই বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ হওয়ার ফলে মাদারগঞ্জ পৌরসভা, বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের চরের জমিতে বছরে দুবার ফসল ফলানো সম্ভব হয় এবং স্থানীয়দের যাতায়াতেরও সুবিধা হয়। কিন্তু ২০০৮ সালের বর্ষায় বাঁধের এক কিলোমিটার অংশ ভেঙে যাওয়ায় স্থানীয় লোকজন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে।স্থানীয় বালিজুড়ীর ব্যবসায়ী মিজানুর রহমান জানান, বাঁধটি ভেঙে যাওয়ায় কমপক্ষে ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।স্থানীয় আবদুল জলিল বলেন, বাঁধ করার পর বছরে দুটি ফসল পাওয়া যেত। কিন্তু বাঁধ ভাঙার ফলে একটি ফসলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।আটাত্তুর চরের বফাত উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আসমা আক্তার জানায়, বর্ষা মৌসুমে প্রায় চার মাস তাদের অনেক কষ্টে বিদ্যালয়ে যেতে হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, জনস্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে এই বাঁধ পুনর্নির্মাণ জরুরি। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনজুরুল ইসলাম বলেন, এবারের বর্ষা শেষে বাঁধটি পুনর্নির্মাণের চেষ্টা করা হবে।স্থানীয় সাংসদ মির্জা আজম প্রথম আলোকে বলেন, গাবের গ্রাম-ভোলারচর বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।