বাঁধ ভেঙে সাত গ্রামে পানি
পটুয়াখালীর বাউফল উপজেলায় কালাইয়া-বড়ডালিমা-কেশবপুর সড়ক ও বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশটি ভেঙে গেছে। জোয়ারের তেঁতুলিয়া নদীর প্রবল স্রোতে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে উপজেলার নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের অন্তত আটটি গ্রাম। এই অবস্থায় গ্রামগুলোর প্রায় সাত হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ফসলি খেত পানিতে ডুবে যাওয়ায় চাষাবাদও ব্যাহত হচ্ছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, বৈরী আবহাওয়ার কারণে বর্ষা মৌসুমে প্রতিবছরই উপকূলীয় এলাকায় নদ-নদীর পানি বাড়তে থাকে। গত দুই সপ্তাহের বর্ষণে নদীর পানি বেড়ে জোয়ার-ভাটায় প্রবল স্রোত প্রবাহিত হচ্ছে। জোয়ারের পানিতে নাজিরপুর ইউনিয়নের চর নিমদি এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধটি পুরোপুরি ভেঙে আশপাশের আটটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে নাজিরপুর ইউনিয়নের ধানদিও ছোট ডালিমা গ্রামের অধিকাংশ এলাকা এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট, চর রায় সাহেব, চর নিমদি, চর ওয়াডেল (আংশিক) ও চর দিয়ারাকচুয়া (আংশিক) এলাকার প্রায় সাত হাজার মানুষ।
গত বুধবার সরেজমিন দেখা গেছে, চর নিমদি এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি বিভিন্ন গ্রামে ঢুকেছে। এতে ফসলি খেতসহ বাড়িঘরের সামনে হাঁটু পানি জমে গেছে। মাছের অনেক ঘের পানিতে ভেসে গেছে।
চর নিমদির কৃষক আমির আলী বলেন, তাঁর ২০ একর জমির আমন বীজতলা জোয়ারের পানিতে ডুবে থাকে আবার ভাটার সময় ভেসে ওঠে।
ধানদি গ্রামের কৃষক মোসলেম ফকির বলেন, এখন আমন মৌসুম চাষাবাদে পানির প্রয়োজন থাকলেও জোয়ারের পানিতে এমনভাবে খেত তলিয়ে রয়েছে যে বীজতলা করাও সম্ভব হচ্ছে না।
চন্দ্রদীপ ইউনিয়নের বাসিন্দা বাবুল ব্যাপারী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে চরের বাসিন্দারা আতঙ্কে থাকেন। এই মৌসুমে অবিরাম বর্ষণ ও জোয়ারের পানিতে তাঁর পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় এক লাখ টাকার মাছ ভেসে গেছে। নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বলেন, এই চরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষক। তাঁরা সম্পূর্ণভাবে চাষাবাদের ওপর নির্ভরশীল। কিন্তু জোয়ারের পানিতে চাষাবাদে চরম ক্ষতি হচ্ছে। বিষয়টি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলীদের অবহিত করা হয়েছে।
এলজিইডি বাউফল উপজেলার উপসহকারী প্রকৌশলী আলী আব্বাস বলেন, তেঁতুলিয়া নদীর তীরবর্তী ওই সড়ক ও বেড়িবাঁধ আইলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই বর্ষা মৌসুমে জোয়ারের পানির প্রবল চাপে চর নিমদি এলাকার অন্তত এক কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। নদীভাঙনকবলিত এলাকা হওয়ায় ভেঙে যাওয়া বাঁধের অন্তত ২০০ মিটার ভেতরে বিকল্প বাঁধ নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ শেষ হলে গ্রামের অধিকাংশ মানুষকে জোয়ারের প্লাবন থেকে রক্ষা করা সম্ভব হবে।