বাঁধ ভেঙে সাতক্ষীরায় আরও ছয় গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় ভাঙা বাঁধ সংস্কারের চেষ্টা করছেন এলাকাবাসী। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় ভাঙা বাঁধ সংস্কারের চেষ্টা করছেন এলাকাবাসী। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সাতক্ষীরার খোলপেটুয়া নদীর জোয়ারের চাপে ভেঙে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে আরও ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে দুটি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ছোট-বড় হাজার খানেক চিংড়িঘের।

গত শনিবার রাত ১০টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা এলাকার খোলপেটুয়া নদীর প্রায় ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, তাঁরা তিন হাজার গ্রামবাসী নিয়ে গতকাল সোমবার সকাল সাতটা থেকে ভেঙে যাওয়া বাঁধের সংস্কারকাজ শুরু করেন। ভাঙনকবলিত এলাকায় বাঁশ পুঁতে মাটি ও বালুভর্তি বস্তা ফেলেন। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে জোয়ারের চাপে আবার সব ভেসে যায়। এলাকায় হু হু করে পানি ঢুকছে।

আবু হেনা সাকিল বলেন, রোববার দুপুরের আগে জোয়ারের পানিতে শ্রীউলা ইউপির হাজরাখালী, মাড়িয়ালা, কলিমাখালী ও নাঙ্গলদাড়ি গ্রাম তলিয়ে যায়। রাতে নাছিমাবাদ, বালিয়াখালী, রাজেরআটি, নাগতারা, বলাডাঙ্গা, কাঁকড়াবুনিয়া ও বকচর গ্রাম নতুন করে প্লাবিত হয়। ইতিমধ্যে তাঁর ইউনিয়নের ১২টি গ্রামের পাঁচ শতাধিক পরিবার মাড়িয়ালা দুর্যোগ আশ্রয়কেন্দ্র, পাউবোর বেড়িবাঁধ ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বাঁধ সংস্কার করা না গেলে শ্রীউলার আরও পাঁচটি গ্রামসহ আশাশুনি ও শোভনালী ইউপির আংশিক এলাকা প্লাবিত হবে বলে তিনি আশঙ্কা করছেন।

প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কোলা ও হিজলিয়া গ্রাম দুটি রোববার দুপুরে প্লাবিত হয়েছে। তাঁর ইউনিয়নে নতুন করে আর কোনো গ্রাম প্লাবিত হয়নি। তবে পানি বেড়েছে।

জাকির হোসেন আরও বলেন, গতকাল সোমবার সকালে বাঁধ সংস্কার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। গতকাল সন্ধ্যায় তিনি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একটি পরামর্শ সভা ডেকেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

আশাশুনি পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, পূর্ণিমার কারণে নদীতে স্রোত বেশি। স্রোত একটু না কমলে বাঁধ সংস্কার করা যাবে না। এ জন্য আরও দু-তিন দিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।