জোয়ারের চাপে গতকাল শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলীতে বাঁধের তিনটি স্থানের ৪৩০ মিটার ভেঙে ঘোপখালী, পশুরবুনিয়া, বালিয়াতলীসহ ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।একই কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত দুই দিনে বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে চারটি গ্রামের সহস্রাধিক পরিবার। অস্বাভাবিক জোয়ারে গতকাল সকালে আমতলী-বরগুনা ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে বরগুনার সঙ্গে আমতলীর সড়ক যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিল।এ ছাড়া গত শুক্রবার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা, তেঁতুলবাড়িয়া ও নলবুনিয়ায় ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আমতলীর উপসহকারী প্রকৌশলী কাজী নূর মোহাম্মদ জানান, গত ছয় দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে গতকাল সকালে বালিয়াতলীতে বাঁধ ভেঙে গেছে।আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ গতকাল দুপুরে জানান, ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে নিম্নাঞ্চল ও ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে ইউনিয়নের পাঁচ হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। বর্তমানে শতাধিক পরিবার বাঁধ ও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।চাওড়া ইউপির চেয়ারম্যান বাদল খান জানান, ইউনিয়নের বৈঠাকাটা ও আঙ্গুলকাটা গ্রামের দুই হাজার মানুষ বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটাচ্ছে।আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম জানান, টানা বর্ষণ ও নদীর পানি ঢুকে উপজেলার প্রায় ৩০ হাজার একর জমির বাদাম, মরিচ, বেগুন, ঢ্যাঁড়স, করলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।মঠবাড়িয়ার বলেশ্বর নদের তীরবর্তী সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে গতকাল সকালে বাঁধের তিনটি স্থান ও শুক্রবার বড় মাছুয়া ইউনিয়নের চরভোলমারা গ্রামে বাঁধের দুটি স্থানে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে বড় মাছুয়ার চরভোলমারা ও দক্ষিণ বড় মাছুয়া গ্রামের ৪৮২টি পরিবার, সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া ও কচুবাড়িয়া গ্রামের পাঁচ শতাধিক পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। মহাসেনের আঘাতে গৃহহীন ও পানিবন্দী অধিকাংশ মানুষের কাছে গত ১০ দিনেও কোনো ত্রাণ পৌঁছায়নি।বড় মাছুয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশ্রাফ আলী জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বর্ষণে জলাবদ্ধতা ও বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় চরভোলমারা ও দক্ষিণ বড় মাছুয়া গ্রামের কয়েক শ পরিবার চরম দুর্ভোগে রয়েছে।সাপলেজা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালেহ বলেন, বেড়িবাঁধের তিনটি স্থান ভেঙে পানি ঢোকায় খেতাছিড়া ও কচুবাড়িয়া গ্রাম এখন চার ফুট পানির নিচে।পাউবো মঠবাড়িয়ার উপবিভাগীয় প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, বরাদ্দ না পাওয়ায় বলেশ্বর নদের তীরবর্তী বেড়িবাঁধটি সংস্কার করা যাচ্ছে না।