বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদরের ধেড়েখালি এলাকায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসলের খেত। গতকালের ছবি l প্রথম আলো
সাতক্ষীরা সদরের ধেড়েখালি এলাকায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসলের খেত। গতকালের ছবি l প্রথম আলো

সাতক্ষীরা সদর উপজেলার ধেড়েখালি এলাকায় বেতনা নদীর একটি বাঁধ ভেঙে তিনটি ইউনিয়নের ১২টি গ্রাম কমবেশি প্লাবিত হয়েছে। ভেসে গেছে ২৫০টি মাছের ঘের। তলিয়ে গেছে এক হাজার বিঘা জমির আমন ধান।

সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও রাজনগর গ্রামের বাসিন্দা মো. এমদাদুল হক বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন বাঁধটি কেটে গত কয়েক বছর ধরে চিংড়ি ঘেরে লোনা পানি তোলা হচ্ছে। আগে স্থানীয় চিংড়িচাষি রেজাউল ইসলামের নেতৃত্বে এ কাজ করা হতো। পানি তোলার পর তাঁরা বাঁধটি মেরামত করে দিতেন। কিন্তু দুই বছর ধরে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একই স্থানে বাঁধ কেটে পানি তোলা হচ্ছে। কিন্তু পরে ঠিকমতো বাঁধটি মেরামত করা হয় না।

তবে আওয়ামী লীগের নেতা আলমগীর বলেন, মৎস্য ঘেরের মালিকদের সম্মিলিত সিদ্ধান্তেই পাইপের মাধ্যমে পানি তোলা হচ্ছে। সেখানে বসানো পাইপের মুখ বন্ধ করে দেওয়াও হয়েছিল। কিন্তু পানির চাপ বেশি হওয়ায় বাঁধটি ভেঙে গেছে।

এলাকার অনেকে বলেন, ২০১৫ সালে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হলে পাউবোর পক্ষ থেকে সেটি মেরামত করে দেওয়া হয়। কিন্তু এ বছর একইভাবে বাঁধ কেটে পানি তোলা হয়। সেখানে যেনতেনভাবে বসানো হয় সিমেন্টের পাইপ। ফলে সম্প্রতি অতিবর্ষণ ও বেতনা নদীতে প্রবল স্রোত শুরু হলে বাঁধে ভাঙন শুরু হয়। ৯ আগস্ট বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।

বল্লি ইউপির বাউলডাঙ্গা গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, গত এক সপ্তাহে লাবসা ইউপির রাজনগর ও শিবনগর, নগরঘাটা ইউপির পুলেরহাট, গাবতলা ও নিমতলা, বল্লি ইউপির মোচড়া, কাঁঠালতলা, রায়পুর, সমনডাঙ্গা, বল্লিসহ ১২টি গ্রামে পানি ঢুকেছে। এ ছাড়া টুংকিয়া, দন্নে, আমতলা ও নিমতলা বিলের ১০ হাজার বিঘার ২৫০টি মাছের ঘের ভেসে গেছে।

সরেজমিনে গতকাল মঙ্গলবার সকালে দেখা যায়, ধেড়েখালি এলাকার ভেঙে যাওয়া বাঁধ দিয়ে প্রবল স্রোত আকারে লোকালয়ে পানি ঢুকছে। তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। রাজনগর গ্রামের কারিগরপাড়ার সফেত আলী, শওকত আলী, মালেক সরদার, আবদুল রহিম, আবদুল আজিজ, শাহিনুর সরদারসহ অনেকের বাড়ির আঙিনায় পানি থইথই করছে।

জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২-এর শাখা কর্মকর্তা আবুল হোসেন বলেন, ২০১৫ সালে ওই স্থানে বাঁধ মেরামত করে দেওয়া হয়েছিল। প্রতিবছর বরাদ্দ আসে না। ফলে এলাকার যারা বাঁধটি নষ্ট করেছে, তাদেরই এখন মেরামত করতে হবে।