বাঁধ ভেঙে ২১ গ্রাম প্লাবিত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩০টিরও বেশি স্থানে বেড়িবাঁধ ভেঙে ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। অমাবস্যার জোয়ারে নাফ নদের পানি বেড়ে গিয়ে দুই দিনে অন্তত এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে ৫০টি বসতঘর, ১১টি চিংড়ির খামার ও কয়েক হাজার একর ফসলি জমি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেড়িবাঁধ মেরামত করা না হলে ভাঙনের কবল থেকে অন্যান্য বাঁধও রক্ষা করা যাবে না। স্থানীয় লোকজন জানান, দুই দিন ধরে অমাবস্যার জোয়ারের প্রভাবে নাফ নদের পানি ফুঁসে উঠছে। জোয়ারের ধাক্কায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে টেকনাফ পৌরসভা, সাবরাং, নিলা, হোয়াইক্যং ও সদর ইউনিয়নের ৩০টি অংশে ভাঙন দেখা দিয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় সরেজমিন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, সাইডপাড়া, খানকারডেইল ও সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, মগপাড়া, আছারবনিয়া এলাকায় দেখা গেছে, সাতটির বেশি ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ওই সব এলাকার ১১টি গ্রাম প্লাবিত হচ্ছে। পানি ঢুকে টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যংপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, নিলা ইউনিয়নের লেদা, আলীখালী, রঙ্গিখালী, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া, ওয়াব্রাং, মৌলভীবাজার, হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া ও পালংখালী গ্রাম প্লাবিত হচ্ছে। লোনা পানিতে এসব এলাকার শতাধিক একর আমনের বীজতলা ও কয়েক হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে। হোয়াইক্যং এলাকার ঘেরমালিক নবী হোসেন, জাহাঙ্গীর আলম ও জামাল হোসেন জানান, দুই দিন ধরে বাঁধ ভেঙে ১০টির বেশি চিংড়িঘের ও বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙা বাঁধ নির্মাণেরও কোনো উদ্যোগ চোখে পড়ছে না। টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম জানান, দুই দিন ধরে জোয়ারের পানিতে জালিয়াপাড়া, সাইডপাড়াসহ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। কয়েক শ বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। জালিয়াপাড়ার আবুল আলী ও চৌধুরীপাড়ার জাহাঙ্গীর আলম জানান, তিন মাস আগে তাঁদের গ্রামের পাশে পাউবো ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ মেরামত করে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বাঁধের নামে বড়সড় একটি আইল নির্মাণ করা হয়েছে। দুই দিন আগে সেটি জোয়ারের পানিতে ভেসে গেছে। নিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ কে আনোয়ার জানান, গত দুই দিনে তাঁর ইউনিয়নের ১০টি অংশে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাউবো টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী আবু তালহা জানান, এ বছরের জানুয়ারিতে জালিয়াপাড়ার পাশে ৮৫০ মিটার বাঁধ নির্মাণের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়। গত ৩০ মার্চ বাঁধের কাজ শেষ হয়। নানা প্রাকৃতিক দুর্যোগে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। এখন জোয়ারে বাঁধের কয়েকটি অংশ বিলীন হয়ে গেছে।পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান জানান, জরুরিভিত্তিতে ভাঙা বাঁধ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ এলে কাজে হাত দেওয়া হবে।