
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের দুই উপজেলায় গতকাল রোববার প্রতিরক্ষা বাঁধের চারটি অংশ ভেঙে যায়। এতে অন্তত ৩৪টি গ্রাম প্লাবিত হয়েছে। সাড়ে ১২ হাজার হেক্টরের বেশি আউশ ধানের খেত তলিয়ে গেছে।
এর মধ্যে গতকাল সকালে কমলগঞ্জ উপজেলার ধলাই প্রতিরক্ষা বাঁধের তিনটি অংশ ভেঙে যায়। এতে ২৮টি গ্রাম প্লাবিত হয়। সাড়ে ১২ হাজার হেক্টর আউশ ধানের খেত তলিয়ে গেছে। গতকাল দুপুরে কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয় ছয়টি গ্রাম। তলিয়ে যায় ৪০০ একর আউশের খেত।
শনিবার রাতভর বৃষ্টি হয়। গতকাল সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা, নাজাতকোনা ও দক্ষিণ তিলকপুর গ্রামে ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের ২৮টি গ্রাম প্লাবিত হয়। এর আগে বুধবার রাতভর ও বৃহস্পতিবার দিনের বৃষ্টিতে কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলেপুর গ্রামে ধলাই প্রতিরক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকতে শুরু করে। এতে পৌরসভার চারটি গ্রাম ও চারটি ইউনিয়নের ১৮টি গ্রাম প্লাবিত হয়েছিল। গ্রামগুলোতে শনিবার পানি একটু কমলেও গতকাল আবার বৃদ্ধি পায়। এ নিয়ে মোট ৫০ গ্রামের বাসিন্দা দুর্ভোগ পোহাচ্ছে।
তা ছাড়া ইসলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মকাবিলে ধলাই প্রতিরক্ষা বাঁধে ভাঙনের আশঙ্কা দেখা দিলে ইউপি চেয়ারম্যান আবদুল হান্নানের নেতৃত্বে গ্রামবাসী কাজ করে বাঁধটিকে রক্ষা করেন। ধলাই নদী ও লাঘাটা ছড়া ছাড়াও শমশেরনগরে ধামালিছড়া, মাধবপুরে সুন্দরবন ছড়া, আদমপুরের লাউয়াছড়াসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বেড়ে ফসলি জমি তলিয়ে গেছে।
ধামালি ছড়া, লাঘাটা ছড়া ও মাধবপুরের সুন্দরবন ছড়ার পানিতে কমলগঞ্জ-আদমপুর সড়কে আবদুল গফুর চৌধুরী মহিলা কলেজের সামনে, ঘোড়ামারা গ্রাম এলাকা, শমশেরনগরে শমশেরনগর বিমানবন্দর সড়ক, শমশেরনগর-কমলগঞ্জ সড়কের বড়চেগ গ্রাম এলাকার সড়ক এক ফুট পানির নিচে তলিয়ে গেছে।
এলাকার বাসিন্দারা বলছেন, এর আগে আগাম বন্যায় বোরো ফসল নষ্ট হয়েছে। এখন আউশ ফসলও পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এবার তাঁরা কোনো ফসলই ঘরে তুলতে পারবেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন আহমদ বলেন, এবার ধলাই প্রতিরক্ষা বাঁধের তিনটি অংশে নতুন করে ভাঙনে উপজেলার সব আউশ ধানের খেত তলিয়ে গেছে। উপজেলায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে পানি না নামলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, উপজেলা প্রশাসন সার্বিক নজরদারি করছে।
এদিকে কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ভাঙন দেখা দেয়। তখন গ্রামবাসী ছুটে গিয়ে ১০০ বালুর বস্তা ফেলেন। তবে গতকাল দুপুর ১২টার দিকে পানির তোড়ে বাঁধের ওই অংশ ভেঙে যায়। এতে নিশ্চিন্তপুরসহ আশপাশের দক্ষিণ মাদানগর, দত্তগ্রাম, আলীপুর, মাদানগর ও সোনাপুর গ্রাম প্লাবিত হয়।
গতকাল বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় ২০-২৫টি পরিবার গবাদিপশু ও বাসনকোসন নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।
নিশ্চিন্তপুরের মুসলিম মিয়া, তাজুল ইসলাম ও আবদুস সবুর বলেন, তাঁদের বসতঘরে দু-তিন ফুট পানি। তাই বাঁধে আশ্রয় নিয়েছেন।
শরীফপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, ছয় গ্রামের অন্তত এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাঁধের ওপর ৬০-৭০টি পরিবার আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুরের ভাঙনকবলিত ১৫০ মিটার জায়গা মেরামতের জন্য সম্প্রতি প্রায় ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। মৌলভীবাজার সদরের টেক অ্যান্ড পে নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। সপ্তাহখানেক আগে কাজ শুরু হয়।
ইউপির চেয়ারম্যান জোনাব আলী বলেন, বাঁধটির মেরামতকাজ সময়মতো সম্পন্ন হলে এ অবস্থা হতো না।
তবে ওই এলাকায় দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. শাহাদত হোসেন বলেন, অর্থ বরাদ্দ দেরিতে পাওয়া গেছে। তাই নিশ্চিন্তপুরের বাঁধে আগে কাজ করানো সম্ভব হয়নি।