বাঁধ ভেঙেছে, সড়কও ভেসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেঙে ভেসে গেছে পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নে যাওয়ার পাকা রাস্তাটি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেঙে ভেসে গেছে পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নে যাওয়ার পাকা রাস্তাটি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

অস্বাভাবিক জোয়ারের পানিতে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামের বেড়িবাঁধ ভেঙে গেছে। ভেসে গেছে বাঁধের ওপর নির্মাণ করা ইউনিয়ন সংযোগ সড়কটি। ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানিতে তিন গ্রাম প্লাবিত হচ্ছে। অপরদিকে সংযোগ সড়কটি ভেঙে ভেসে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, বাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের সময় পানি ঢুকে মাঠঘাট, ফসলি খেত তলিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সংযোগ সড়ক বিধ্বস্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল বিচ্ছিন্নসহ গ্রামের উত্তর এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছে।
গ্রামের হাসেম আকন বলেন, পূর্ণিমার প্রভাবে ১২ জুলাই থেকে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। জোয়ারের জলোচ্ছ্বাসে তাঁদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলি খেত ডুবে গেছে।
এদিকে জোয়ারের সময় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বীজতলা পচে যাচ্ছে।
জব্বার হাওলাদার বলেন, বাঁধ ভেঙে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে এখন গ্রামে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। জোয়ারে যে পরিমাণ পানি উঠছে ভাটায় তা নামছে না। নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি জানান, তাঁর বাড়ির উঠানে পানি জমে রয়েছে। এ ছাড়া বাঁধের সঙ্গে সড়কটিও বিধ্বস্ত হওয়ায় হাঁটুপানি ভেঙে সড়কে উঠে তাঁদের ইউপি কার্যালয়ে যেতে হচ্ছে।
আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, বলইকাঠি গ্রামের বাঁধ ভেঙে যাওয়ায় তিন গ্রামের পাঁচ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বাঁধের ওপরের পাকা সড়কটিও ভেঙে ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
চেয়ারম্যান বলেন, সামনে অমাবস্যার প্রভাবেও জোয়ারের প্লাবন দেখা দেবে। দ্রুত বাঁধ মেরামত করা না হলে মানুষের দুর্ভোগসহ কৃষিতে এর প্রভার পড়বে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিউদ্দিন বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তাঁদের নির্দেশ পেলেই বেড়িবাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’