প্রাকৃতিক দুর্যোগ আইলা আঘাত হানার ছয় বছর পরও উপকূল রক্ষা বাঁধের দুই পাশে বনায়ন করা হয়নি। বাঁধ যথাযথভাবে সংস্কার না হওয়ায় অনেক স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর দ্বীপ ঘুরে এ চিত্র পাওয়া যায়।
এ ছাড়া এলাকাগুলোতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ফসল উৎপাদন ও চিংড়ি চাষ ব্যাহত হচ্ছে। কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে মানুষ এখনো এলাকা ছাড়ছে।
শ্যামনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। এতে সাতক্ষীরা ও খুলনা জেলার শ্যামনগর, আশাশুনি, কয়রা ও দাকোপ উপজেলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়। আইলায় সাতক্ষীরায় মারা যায় ৪২ জন। শুধু শ্যামনগরেই গৃহহীন হয় ২ লাখ ৪৩ হাজার ২৯৩ জন।
গত বৃহস্পতিবার গাবুরা ঘুরে দেখা গেছে, ইউনিয়নের নেবুবুনিয়া, চাঁদনীমুখাসহ কয়েকটি স্থানে অর্ধশতাধিক পরিবার আজও বাঁধের ওপর বসবাস করছে। চাঁদনীমুখায় বাঁধের ওপর বসবাসরত হাবিবুল্লাহ গাজী, এয়াকুব গাজী, সখিনা বেগমসহ কয়েক জানান, বসতভিটা হারিয়ে বাঁধের ওপরই থাকছেন তাঁরা।
চাঁদনীমুখা গ্রামের জিয়ারুল ইসলাম জানান, আইলার পর লবণাক্ততা বেড়ে যাওয়ায় এসব ইউনিয়নের জমিতে ধান চাষ হয় না। শুধু চিংড়ি চাষ হয়। চিংড়িঘেরে শ্রমিক তেমন লাগে না। ফলে কাজ না থাকায় অনেক মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, খাওয়ার পানি আর জ্বালানি সংকটের পাশাপাশি কাজের অভাব রয়েছে। তিনি আরও জানান, আইলার আঘাতের পর সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, উপকূল রক্ষা বাঁধের দুই পাশে বনায়ন গড়ে তোলা হবে। কিন্তু গত ছয় বছরে শুধু গাবুরার ২৭ কিলোমিটার বেড়িবাঁধের দুই-তিন কিলোমিটারে বনায়ন করা হয়েছে। ওই ২৭ কিলোমিটার বাঁধের মধ্যে চাঁদনীমুখা স্লুইসগেট, নেবুবুনিয়াসহ আটটি এলাকার বাঁধ বেশি ঝুঁকির মধ্যে।
পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, দাম কমায় চিংড়ি ব্যবসায় ধস নেমেছে। ২৮ কিলোমিটার বাঁধের মধ্যে কামালাকাটি, ঝাপা, লাবণ্য, খুঁটিকাটাসহ বিভিন্ন স্থানের ১০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা নিখিল দত্ত জানান, আইলার পর উপকূল রক্ষা বাঁধ টেকসই করতে নদীর চরে (বাঁধের বাইরের অংশে) বনায়ন করতে গোটা এলাকা সামাজিক বন বিভাগকে দেওয়া হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত তেমন বনায়ন করতে পারেনি। কোনো কোনো স্থানের বাঁধ আবারও ভাঙনের মুখে পড়েছে। আইলার পর বাঁধের বিভিন্ন অংশ সংস্কার ও মেরামত করা হয়েছে দাবি করে নিখিল দত্ত বলেন, ওই সময় গাবুরার ২৭ কিলোমিটার বাঁধই ধ্বংস হয়ে যায়। পর্যায়ক্রমে তা মেরামত করা হলেও বাঁধের উচ্চতা বাড়ানো হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ জানান, আপাতত উপকূলবাসীর জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। তবে দুর্যোগকালে দুর্গতদের আশ্রয়ের জন্য ছয়টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের চারটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম জানান, গাবুরা ও পদ্মপুকুরের পানিসংকট নিরসনে সৌরবিদ্যুতের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প রয়েছে। আগামী জুলাই মাস থেকে সুষম খাদ্য বণ্টন কর্মসূচি হাতে নেওয়া হবে। তবে সবাইকে এসব প্রকল্পের আওতায় আনা সম্ভব হচ্ছে না।