বাঁধ মেরামত না করায় আট গ্রামে ঢুকছে নোনা পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত প্রায় তিন কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ এখনো মেরামত করা হয়নি।
এদিকে জোয়ারের চাপে প্রতিদিন সাগরের লবণাক্ত পানি আটটি গ্রামে ঢুকছে। ব্যাহত হচ্ছে আমন চাষ।
সরেজমিনে দেখা গেছে, রোয়ানুর প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ইউনিয়নের নয়ারচর, চরআন্ডা ও চরবেস্টিনের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় তিন কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়।
বেড়িবাঁধের ধসে পড়া অংশগুলো দিয়ে প্রতিদিন দুবার জোয়ারের পানি উঠছে। এতে নয়ারচর, চরআন্ডা, উত্তর চরমোন্তাজ, চরবেস্টিন, চরলক্ষ্মী, মধ্য চরমোন্তাজ, দক্ষিণ চরমোন্তাজ ও বাইলাবুনিয়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে।
চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় এক কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত। এখানকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম বলেন, রোয়ানুর আঘাতে বাঁধ ভেঙে যাওয়ার পর আর তা মেরামত করা হয়নি।
এখন প্রতিদিন দুবার জোয়ারের পানি তাঁদের গ্রাম ঢুকে সয়লাব হয়ে যায়। সাগরের পানি এত লোনা যে হাতেও নেওয়া যায় না। শরীরে লাগলে নানা সমস্যা হয়।
চরমোন্তাজ এলাকার শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেড়িবাঁধের ভাঙা অংশগুলো দিয়ে নিয়মিত লোনা পানি উঠছে ফসলের মাঠে। এতে চলতি আমন মৌসুমে এই এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। তবে এই আটটি গ্রামে কতটুকু জমিতে আমনের আবাদ করা হচ্ছে, তা জানা যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আবদুল্লাহ আল বাকী বলেন, রাঙ্গাবালীর চরমোন্তাজ এলাকার ভেঙে যাওয়া বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ এলাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। শিগগিরই তাঁরা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের ব্যবস্থা নেবেন।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে মেরামতের কাজ শুরু করা হবে।