বাঁধ মেরামতে গড়িমসি, বোরো ধান ডুবে যাওয়ার আশঙ্কা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নিমাইচরা বন্যানিয়ন্ত্রণ বাঁধের রাউতারা রিং বাঁধটি মেরামতের কাজ সময়মতো সম্পন্ন না করার অভিযোগ উঠেছে। ওই স্থান দিয়ে পানি ঢুকে প্রায় ৬০ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্র জানায়, পাউবোর আওতাধীন বাঘাবাড়ী-নিমাইচরা বন্যানিয়ন্ত্রণ বাঁধের রাউতারা জলকপাটের (স্লুইসগেট) পাশে রয়েছে ৮০০ মিটার দীর্ঘ একটি রিং বাঁধ। প্রতিবছর এটি বন্যার প্রকোপে ভেঙে যায়। বাঁধের অভ্যন্তরে প্রায় ৬০ হাজার হেক্টর বোরো ধান রক্ষার জন্য প্রতিবছর কর্তৃপক্ষ এটি মেরামত করে। তবে এবার নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পার হলেও মেরামতকাজ সম্পন্ন হয়নি। গত বছরও বাঁধটির মেরামতকাজ ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছিল।
২৩ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, ঠিকাদার কর্তৃপক্ষ বাঁধের কাছ থেকে একটি ক্ষুদ্র খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে বাঁধের ওপরে ফেলছে। বাঁধের প্রায় ৯০ ভাগ অংশই ভরাট হয়নি। বাঁধের পাশ দিয়ে বয়ে চলা বড়াল নদে পানি বাড়তে শুরু করেছে। পানি বাঁধ থেকে মাত্র তিন ফুট নিচে অবস্থান করছে।
রাউতারা গ্রামের কৃষক জমির উদ্দিন ও পোতাজিয়া গ্রামের লুৎফর রহমান বলেন, ‘রিং বাঁধের অভ্যন্তরে অনেক কৃষক বোরো ধানের আবাদ করেছেন। খেতের ধান আধা পাকা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। অথচ পানি উন্নয়ন বোর্ড এবার দেরিতে কাজ শুরু করেছে। কাজ শেষ হতে আরও প্রায় দেড় মাস সময় লাগবে। আবার নদীতেও পানি বাড়তে শুরু করেছে। আমরা আশঙ্কা করছি, পানি বাড়লে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাবে।’
বাঁধ মেরামতকাজের ঠিকাদারের প্রতিনিধি আবদুস ছালাম জানান, ‘গত বছর আগে হলেও এবার দেরিতে দরপত্র আহ্বান করা হয়েছে। এ কারণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মেরামতের কাজ শুরু করা হয়েছে। তার পরও মেরামতকাজ দ্রুত শেষ করা হবে।’
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, বরাদ্দ না থাকায় এবার একটু দেরিতে দরপত্র আহ্বান করা হয়েছে, যে কারণে কাজ একটু পরে শুরু হয়েছে। তার পরও দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
শাহজাদপুর উপজেলা থেকে ভাঙ্গুড়া পর্যন্ত বাঘাবাড়ী-নিমাইচরা মূল বাঁধের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এর মধ্যে ১ হাজার ৮৯১ মিটার অংশ মেরামতের জন্য ১ কোটি ২ লাখ ৮৩ হাজার টাকার দরপত্রের কার্যাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রাউতারা অংশে ৮০০ মিটারের মেরামতকাজ চলছে।