বাঁধ মেরামতে গড়িমসি, মানুষের চরম দুর্ভোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিজামপুর গ্রামসংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধটি গত বছর বিলীন হয়েছে। এখনো বাঁধটির মেরামত বা পুনর্নির্মাণ করা হয়নি। এতে মানুষজন সীমাহীন দুর্ভোগে পড়েছে। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষ বাঁধ মেরামতে গড়িমসি করছে।
গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরোনো ওই বাঁধটি ভেঙে যাওয়ার পর আশির দশকে উপকূলবর্তী নিজামপুর গ্রাম রক্ষায় নতুন করে বাঁধটি নির্মাণ করা হয়। বিভিন্ন সময় ঝড় ও জলোচ্ছ্বাসে এ বাঁধটিও ক্ষতিগ্রস্ত হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে বাঁধটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এরপর পাউবো পুনরায় বাঁধ নির্মাণ করে দেয়। এক বছরের বেশি সময় হয়ে গেল, জোয়ারের প্রবল চাপে বাঁধটি বিলীন হয়েছে।
গ্রামের কয়েকজন বললেন, নিজামপুরের পশ্চিম পাশে বাঁধ অন্তত আড়াই কিলোমিটার সম্পূর্ণ বিলীন হয়েছে। এ ছাড়া উত্তর ও দক্ষিণ পাশ থেকেও বাঁধের প্রায় দুই কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
>‘সাগরের মোহনার এ বান মাডি হালাইয়া বানলেই অইবে না। নদীর কূল দিয়া ব্লক ফালানোর দরকার আছেলো। তাইলে আইজগো এমন দুরবস্থার সৃষ্টি অইত না’
সরেজমিনে দেখা যায়, নিজামপুর গ্রামসংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ মাটির সঙ্গে মিশে আছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, জোয়ারের সময় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ভেসে যায় নিজামপুর, পুরান মহিপুর, কোমরপুর ও সুধীরপুর গ্রামের বাড়িঘর। শুকনো মৌসুমেও জোয়ারের পানি বাড়িঘরে ঢুকে যায়। বর্ষার সময় গ্রামের শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। তখন রান্না তো দূরের কথা; গোসল, পয়োনিষ্কাশন করারও উপায় থাকে না। এ গ্রামের সঙ্গে মহিপুর থানা সদরের যোগাযোগের পিচ ঢালা রাস্তাটিও গেল বছরের অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন বছর আগে নামমাত্র ব্লক ফেলে, পাইলিং দিয়ে বাঁধের ভাঙন রোধ করার যে চেষ্টা চালানো হয়েছে, পানির তোড়ে তা-ও ভেস্তে গেছে।
হাতেম আলী গাজী, ছলেমান গাজী, আ. ছালাম হাওলাদার, খলিল গাজী, মোস্তফা চৌকিদারসহ এলাকার অনেকে দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দায়ী করেছেন। আলী গাজী বলেন, ‘এ বাঁধ মজবুত করে নির্মাণের দাবিতে আমরা সমাবেশ করেছি। মানববন্ধন করেছি। অবর্ণনীয় কষ্টের কথা উল্লেখ করে পাউবোকে লিখিত জানিয়েছি। তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমাদের দুরবস্থার জন্য পাউবোই দায়ী।’
নিজামপুর গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মুন্সী বলেন, ‘সাগরের মোহনার এ বান মাডি হালাইয়া বানলেই অইবে না। নদীর কূল দিয়া ব্লক ফালানোর দরকার আছেলো। তাইলে আইজগো এমন দুরবস্থার সৃষ্টি অইত না।’ তিনি বলেন, জোয়ার থেকে বাঁচতে গ্রামের বাসিন্দারা গত বছরের মে মাসে চাঁদা তুলে বাঁধের কমপক্ষে ৬০০ ফুট মেরামত করেছিলেন। এতে তাঁদের ১১ হাজার টাকা খরচ হয়েছিল। আলমগীর হোসেন নামের আরেকজন বললেন, ‘কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) সমস্যার কথা জানাইছি। হ্যারা আইয়া ঘুইরা গ্যাছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অইবে কইয়া আশ্বাসও দিয়া গ্যাছে।’
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার বলেন, ‘পাউবোকে আমি বারবার তাগিদ দিয়েছি। এমনকি ঢাকায় গিয়ে পাউবোর চেয়ারম্যানের সঙ্গেও দেখা করে বাঁধটি করে দেওয়ার অনুরোধ করেছি। আর্থিক সংস্থান করতে না পারায় বাঁধটি হচ্ছে না বলে আমি শুনেছি।’
বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ নিয়ে পাউবো এবং এলাকার মানুষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সার্ভে শাখা সূত্রে জানা গেছে, এখন যেখানে বাঁধটি আছে, সেখানে বাঁধ করলে ভেঙে যায়। তাই কিছুটা পূর্ব দিকে সরিয়ে বাঁধটি পুনর্নির্মাণ করার পরিকল্পনা করা হয়। কিন্তু স্থানীয় মানুষ জমি না দেওয়ায় কাজটি করতে বিলম্ব হয়েছে। অবশ্য স্থানীয় নুর সাঈদ খান, আনোয়ার ফরাজী, আশরাফ আলী মৃধা, সেরজন আলী মৃধা ও মো. জাহাঙ্গীর মুসুল্লী এ বক্তব্যের বিরোধিতা করেছেন। নুর সাঈদ খান বলেন, ‘আমাদের কাছে বাঁধের জন্য কোনো জমি চাওয়া হয়নি। জমির প্রয়োজন হলে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি।’
পাউবোর নিজামপুর এলাকার শাখা কর্মকর্তা (এসও) সৈয়দ তারিকুর রহমান বলেন, ‘আসলে সাগর মোহনার ওই বাঁধটির জন্য বড় অর্থের প্রয়োজন। সে ক্ষেত্রে বৈদেশিক কোনো প্রকল্প ছাড়া এ কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। এ কারণেও কিছুটা দেরি হয়েছে। আমি শুনেছি, জাইকার মাধ্যমে এ কাজটি সম্পন্ন করার চেষ্টা চলছে। তা ছাড়া আমি ইতিমধ্যে সম্ভাব্যতা জরিপ করে প্রাক্কলন প্রস্তাব নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিয়েছি।’
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাঁধটি স্থায়ীভাবে করার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ মাসের মধ্যে পাঠাব। বারবার যাতে এ বাঁধ ভেঙে না যায়, অর্থপ্রাপ্তি সাপেক্ষে সেভাবেই যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।’