সিডর, আইলা ও মহাসেনের আঘাতে বিধ্বস্ত পটুয়াখালীর সদর উপজেলার ভুতুমিয়া এলাকার মানুষের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার প্রশংসা করলেন নেদারল্যান্ডসের মন্ত্রী মেলানি স্যুজ ভন। মেলানি নেদারল্যান্ডসের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশবিষয়ক মন্ত্রী।
মেলানি গতকাল বুধবার ছোটবিঘাই ইউনিয়নের ওই এলাকা পরিদর্শনে যান। সেখানে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পায়রা নদীর পারের ২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। চলতি বছর এ কাজ শেষ হবে বলে জানান পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ব্লু গোল্ড প্রকল্পের আওতায় এ কাজ চলছে। আর ম্যাক্স ফাউন্ডেশনের আওতায় চলছে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশনের কার্যক্রম।
সফরকালে মেলানি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নেদারল্যান্ডস সরকারের হয়ে এ এলাকার উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় মেলানির সফরসঙ্গী ছিলেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল প্রমুখ।