বাঁধ রক্ষার নামে এলোপাতাড়ি সিসি ব্লক ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুরে পদ্মা নদীর বাঁ তীর সংরক্ষণ বাঁধ রক্ষার নামে চরে আবাদি জমিতে এলোপাতাড়িভাবে সিসি ব্লক ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।উজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াস আলী বলেন, ‘আমরা চরে ব্লক ফেলার সময় বাধা দিয়েছিলাম। ওই সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা আমাদের কথা শোনেননি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকায় ৩৮ হাজার ব্লক ফেলা হয়েছে বলে পাউবো দাবি করলেও আসলে ছয়-সাত হাজারের বেশি হবে না।’ জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা রক্ষা প্রকল্প এলাকার শিবগঞ্জের উজিরপুর গ্রামের সামনে পদ্মায় জেগে ওঠা চরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকেরা চার-পাঁচ বছর ধরে নিজ নিজ জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু ভাঙনের আশঙ্কা না থাকা সত্ত্বেও গত এক-দেড় মাস আগে ওই চরসহ বাঁধ এলাকার প্রায় এক কিলোমিটারজুড়ে এলোপাতাড়িভাবে ছড়িয়ে-ছিটিয়ে সিসি ব্লক ফেলা হয়েছে। ফলে কৃষকেরা জমি চাষাবাদ করতে পারছেন না।সরেজমিনে দেখা গেছে, উজিরপুরে নদীতীর সংরক্ষণ বাঁধ ও এর আশপাশে প্রায় ছয়-সাত হাজার সিসি ব্লক ফেলা হয়েছে। এগুলোর অধিকাংশই বাঁধের দূরে চরের জমিতে পড়েছে, যেগুলো বাঁধ রক্ষায় কোনো কাজেই আসবে না। উজিরপুর-মাঝপাড়ার আবদুল মালেক বলেন, ‘জেগে ওঠা জমি আবাদ কইরা তিন বছর থ্যাকা সংসার চালাছি। সে পথ বন্ধ। অকারণে ব্লক ফেলে সে পথ বন্ধ করল পাউবো।’ তেরনপাড়ার বেলাল মোহামঞ্চদ (৭০) বলেন, ‘হামার এক বিঘাই জমি। এখন জমিতে ব্লক। এখানে সার ছাড়াই ২০-২২ মণ ধান হয়। এটা লিয়াই কইর্যা কইরমা খাছুনু। এখন কী খাব?’ জোয়ার্দারপাড়ার হাসান আলী জানান, জোয়ার্দারপাড়া থেকে ডাকাতপাড়া পর্যন্ত দুই শতাধিক প্রান্তিক চাষি বোরো ধান ও রবি ফসল ফলিয়ে আয়-রোজগার করতেন। ভাঙনের আশঙ্কা না থাকা সত্ত্বেও পাউবো এলোপাতাাড়িভাবে এসব জমিতে ব্লক ফেলে চাষিদের ক্ষতিগ্রস্ত করেছে। পাউবোর ঠিকাদার জামাল উদ্দিন বলেন, ‘বাঁধের ক্ষতিগ্রস্ত ১৭০ মিটার এলাকায় ৩৮ হাজার ব্লক ফেলার কথা। কিন্তু নদীর পাড়ে সংরক্ষণ করা ব্লকগুলো ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকায় নৌকায় করে আনার সময় শ্রমিকেরা কিছু ব্লক চরে ফেলেছেন। এগুলো উঠিয়ে নিয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকায় ফেলব।’ পাউবোর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উজিরপুরে বাঁধের ১৭০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। এই স্থানে পদ্মা ও পাগলা নদী একীভূত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে জরুরি ভিত্তিতে ওই এক কিলোমিটার এলাকায় ৩৮ হাজার সিসি ব্লক ফেলতে হয়েছে। এ জন্য সংরক্ষণ করা ৩১ হাজার ও নতুন সাত হাজার ব্লক তৈরি করে ব্যবহার করা হয়েছে। তবে সংরক্ষণ করা অনেক ব্লক এলাকার লোকজন চুরি করে নিয়েছিল। সেগুলো বাড়ি বাড়ি থেকে উদ্ধার করে আনায় লোকজন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’তিনি জানান, ২০১২ সালের জুন মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এ জন্য প্রকল্পের জন্য সংরক্ষিত ব্লক প্রয়োজনের তাগিদেই ফেলতে হয়েছে। তবে দ্রুত কাজ শেষ করতে গিয়ে চাষযোগ্য জমিতে কিছু ব্লক পড়তে পারে।