বাঁধ রক্ষার স্পারের স্যাঙ্ক ধসে যমুনায় বিলীন
বগুড়ার ধুনটে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত বানিয়াজান স্পারের ২৫ মিটার স্যাঙ্ক গতকাল মঙ্গলবার সকালে ধসে গেছে। গত জুনে ৪৬ লাখ টাকা ব্যয়ে ওই স্পারটি সংস্কার করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আওয়ামী লীগের স্থানীয় এক নেতা স্পারের পাশ থেকে খননযন্ত্র দিয়ে বালু তোলায় ওই স্যাঙ্ক ধসে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয় থেকে জানা গেছে, ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশে প্রতিবছর বর্ষা মৌসুমে যমুনা নদীতে ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে গত দুই দশকে এই ইউনিয়নের ১৪টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়। ভাঙন ঠেকাতে ২০০২ সালে ১৩ কোটি টাকা ব্যয়ে সাড়ে এক হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের বানিয়াজান স্পার নির্মাণ করা হয়। স্পারের ১৫০ মিটার অবকাঠামোর সঙ্গে এক হাজার মাটির স্যাঙ্ক রয়েছে। স্পার নির্মাণের পর থেকেই প্রতিবছর বর্ষায় দফায় দফায় স্যাঙ্ক ধসে যাচ্ছে। ২০১৩ সালে বর্ষার সময় ওই স্পারের প্রায় ১৫০ মিটার স্যাঙ্ক ধসে যায়। চলতি বছরের এপ্রিলে স্পারটি সংস্কারের জন্য পাউবো ৪৬ লাখ টাকা বরাদ্দ দেয়। মেসার্স টিপু সুলতান নামের একটি ঠিকাদাির প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু কাজের দায়িত্বে থাকেন ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। তিনি স্পারটি সংস্কারের জন্য স্পারের পাশ থেকেই খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করেন। গত জুনে সংস্কারকাজ শেষ হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, স্পারের পাশ থেকে বালু তোলায় সেখানে বড় গর্তের সৃষ্টি হয়। আর এ কারণে গতকাল সকালে ১০টার দিকে স্পারের স্যাঙ্ক ধসে যায়। সংস্কারকাজ চলাকালে বিষয়টি এলাকাবাসী পাউবোকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, ঠিকাদারের কাছ থেকে শহিদুল ইসলাম স্পারটি সংস্কারের চুক্তি করেন। সংস্কারকাজের জন্য তিনি অন্য স্থান থেকে বালু না এনে স্পারের পাশ থেকেই খননযন্ত্র দিয়ে বালু তোলেন। আর এ কারণেই স্যাঙ্ক ধসে যমুনায় বিলীন হয়েছে।
অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে শহিদুল ইসলাম দাবি করেন, পাউবোর কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে যেখান থেকে বালু তোলা হয়েছে, সেখানে কোনো ভাঙন নেই। বালু উত্তোলনের কারণে স্পারের কোনো ক্ষতি হয়িন। প্রবল স্রোতের কারণে স্পারের স্যাঙ্ক ধসে যাচ্ছে। স্থানীয় লোকজন তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
বগুড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, ‘স্যাঙ্কের ভিত শক্ত করার জন্য স্পারের পাশ থেকে বালু উত্তোলন করে ক্যানেল তৈরি করা হয়। অনেকে বিষয়টি না বুঝে অভিযোগ করেন। এর পরও আমি তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধ করে অন্য স্থান থেকে বালু এনে স্পারের স্যাঙ্ক মেরামত করেছি। বুধবার (আজ) সকাল থেকে ধসে যাওয়া স্পারের স্যাঙ্ক মেরামতের কাজ করা হবে।