বাঁধ সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগর ও জেলার বিভিন্ন এলাকায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষার আগে নির্মাণের দাবিতে গতকাল নগরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ  l প্রথম আলো
রাজশাহী নগর ও জেলার বিভিন্ন এলাকায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষার আগে নির্মাণের দাবিতে গতকাল নগরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ l প্রথম আলো

বর্ষা মৌসুম শুরুর আগেই পদ্মা নদীর বাঁধ সংরক্ষণ এবং ভাঙনের কবল থেকে রাজশাহীকে রক্ষার দাবিতে গতকাল সোমবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ মানববন্ধন ও সমাবেশ করেছে। সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহীকে রক্ষায় বরাদ্দ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁরা সতর্ক করে দেন, এর ব্যত্যয় ঘটলে রাজশাহীবাসী আর মানববন্ধন করবেন না। বরং রাস্তায় নেমে সাধারণ মানুষকে নিয়ে অবরোধ এবং সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসন ঘেরাও করা হবে। প্রয়োজনে রাজশাহী অচল করে দেওয়া হবে।
কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পদ্মার বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ না নিলে রাজশাহীবাসী বসে থাকবেন না।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান, রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সমাজসেবী শাহীন আকতার, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, ব্যবসায়ী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারুনার রশিদ প্রমুখ।
জামাত খান বলেন, রাজশাহীর বুলনপুর, গহমাবোনা, নবগঙ্গা, হাড়ুপুর, সোনাইকান্দি, শ্মশানঘাট, খানপুর, খিদিরপুর, ইউসুফপুর, গোদাগাড়ী, বাঘা ও চারঘাট এলাকা গত বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষ নিঃস্ব হয়। সরকারি সম্পদ ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়। তাই আগামী বর্ষার আগে নদীর তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণে দ্রুত পদক্ষেপ না নিলে রাজশাহীবাসী চরম ঝুঁকির মুখে পড়বেন।