বাঁধ সংস্কার ও ত্রাণের দাবিতে ভোলায় বিক্ষোভ
বাঁধ সংস্কার, ত্রাণ ও জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মানুষ। তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দিয়েছে।ভাঙনকবলিত ধনিয়া ইউনিয়নের শতাধিক মানুষ গতকাল সকালে বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হয়। এ সময় তারা ‘বাঁধ চাই’, ‘ত্রাণ চাই’, ‘পানি থেকে মুক্তি চাই’ ইত্যাদি স্লোগান দেয়। পরে তারা ইউএনও মো. সেলিম ফকিরের কাছে একটি স্মারকলিপি দেয়।স্মারকলিপিতে বলা হয়েছে, অস্বাভাবিক জোয়ার ও অতিবৃষ্টির কারণে সম্প্রতি ধনিয়ার জমাদ্দারবাড়ী এলাকা ও কাঁচিয়া ইউনিয়নের কয়েকটি স্থানে ভোলা শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। এতে ধনিয়াসহ ভোলার লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানি এখনো সরে যায়নি। অথচ সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। দুর্গত এলাকাবাসী ত্রাণও পাচ্ছে না। বিক্ষোভে যোগ দেওয়া জাহাঙ্গীর বলেন, ‘আমরা এই পানিবন্দী দশা থেকে স্থায়ী মুক্তি চাই।’