বাঁধ সংস্কার না করায় ৫০ হাজার মানুষের জীবন হুমকিতে
জোয়ারের সময় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার শতাধিক পরিবারের বসতঘরে পানি ঢোকে। দিন-রাতে দুবার জোয়ার হয়। এতে রাতের বেলা জোয়ার এলে এসব পরিবারের বাসিন্দারা ঘুমাতে পারেন না। একই কারণে রান্না করতেও ভীষণ কষ্ট হয়। ১৯৯১ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ওই এলাকার বাঁধটি আজও সংস্কার না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই কারণে মাতারবাড়ি ইউনিয়নের ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় এলাকার মানুষ দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছে।মাতারবাড়ির রাজঘাট এলাকার বাঁধের পাশের বাসিন্দা সুফিয়া খাতুন। তাঁর পরিবারের সদস্যরা সেখানে একটি কুঁড়েঘরে থাকেন। তিনি বলেন, ‘দরজ্যাত (সাগরের) জুয়ার পানি উছু অয়লে বাঁধ উপর দিইয়ে পানি ঘরত ঢুকে। পানি হমিলে আবার লামি জাকয়ই। রাতিয়া হইলে পানিল্যায় বলি ঘুম জাইন্যপারির। অ’স্যার অ্যারার বাঁধ ইবা হত্তে অইব, জুয়ার পানিল্যাই আয়্য ঘরত থাইন’ন পারির অ্যার।’সুফিয়া খাতুনের মতো ১০০টি পরিবারের সদস্যদের বসতঘর সাগরে বিলীন হয়ে যাওয়ায় তাঁরা উপকূলে কুঁড়েঘর তুলে বসবাস করেন।রাজঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ মুরাদুল ইসলাম জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে মাতারবাড়ি ইউনিয়নের তিন কিলোমিটার বাঁধ ভেঙে যায়। দীর্ঘদিন সংস্কার না করায় এ বাঁধ ধীরে ধীরে সাগরে বিলীন হয়ে যায়। ২০০২ সালে এক কিলোমিটারে বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধও ভাঙনের কারণে বিলীন হয়ে গেছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুহেলিয়া নদীর পশ্চিম পাশে মাতারবাড়ির রাজঘাট এলাকার প্রায় শতাধিক পরিবার বাঁধের ওপর বসবাস করছে। উপকূলে ভাঙন অব্যাহত থাকায় রাজঘাট এলাকার রশিদিয়া সুন্নি দাখিল মাদ্রাসাসহ পাঁচটি মসজিদ হুমকির মুখে পড়েছে।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, অনেকবার বাঁধ সংস্কারের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) লিখিতভাবে জানানো হয়েছে। এতে কোনো কাজ হয়নি। বাঁধটি দ্রুত নির্মাণ করা না হলে এলাকাটি সাগরগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাউবোর কক্সবাজার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, মাতারবাড়ি ইউনিয়নে বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সেগুলো অনুমোদন না হওয়ায় এবং বরাদ্দ না পাওয়ায় বাঁধ সংস্কার করা সম্ভব হচ্ছে না।