বাঁধ সংস্কার না হওয়ায় আমন ফসল নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের বাঁধের সংস্কার না হওয়ায় চলতি আমন মৌসুমে দুটি ইউনিয়নের পাঁচ হাজার কৃষক আমন ফসল ঘরে তোলার বিষয়টি নিয়ে শঙ্কায় রয়েছেন। ফসল রক্ষার জন্য তাঁরা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত বাঁধটি মেরামত করার দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৭ জুন ও ২৫ জুলাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ভোগাই নদীর নালিতাবাড়ী সদর ইউনিয়নের খালভাঙ্গা এলাকায় বাঁধের ৫০ মিটার এবং মরিচপুরান ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় ৪০০ মিটার ভেঙে যায়। বাঁধ মেরামত না করায় গত ১৮ ও ১৯ আগস্ট তৃতীয় দফায় ভাঙা অংশ দিয়ে ঢলের পানি ঢোকে। এতে পৌরসভার একাংশসহ দুটি ইউনিয়নের ১ হাজার ৫০০ একরে চাষ করা আমন ধানের গাছ চার দিন পানিতে ডুবে থাকে। আড়াই মাসেও বাঁধের ভেঙে যাওয়া অংশ সংস্কার না হওয়ায় নালিতাবাড়ী সদর ও মরিচপুরান ইউনিয়নের ১৮টি গ্রামের পাঁচ হাজার কৃষকের তিন হাজার একরের আমন ফসল হুমকির মুখে রয়েছে। কারণ ভারতে বৃষ্টি হলেই ভোগাই নদে ঢল নামে। এতে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ধানখেত প্লাবিত হয়। ফলে খেতে বেশিদিন পানি থাকলে আমন ফসল ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে ফলনে বিপর্যয় ঘটবে।
খালভাঙ্গা গ্রামের কৃষক রফিক উদ্দিন বলেন, ‘ঋণ কইরা ১০ কাডা (কাঠা) জমিতে ধান লাগাইছি। ঢলের পানিতে দুবার খেত ডুইবা গেছে। অহন আল্লাহ ভরসা। বানডা স্থায়ীভাবে বান্দুনের ব্যবস্থা করলে, আমগর মতো গরিব মানুষের দুশ্চিন্তা থাইকা রেহাই পাইতাম।’ খরখড়িয়াকান্দা গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন,‘গতবার নদীর বাঁধ ভাঙায় এলাকার কৃষক ঠিকমতো ফসল ঘরে তোলবার পাইছে না। অহন যদি বাঁধের একটা ব্যবস্থা না অয়, এইবার ফসল রক্ষা করা সম্ভব অইত না।’
নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী জানান, ‘বাঁধের ইস্টিমেট করা হয়েছে। পানি নেমে গেলে মেরামতের কাজ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা বলেন, বাঁধ সংস্কারের বিষয়ে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে ভেঙে যাওয়া অংশ পরিমাপ করা হয়েছে। বাঁধ সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।