বাঁধ সংস্কার হয়নি আজও ৫০ হাজার মানুষ ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ৫০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এ এলাকার বেড়িবাঁধ দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। পানির চাপে এখনো বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। এ অবস্থায় দরপত্র আহ্বান করার ১৫ মাস পরও এ ইউনিয়নের ছয় কিলোমিটার দীর্ঘ অরক্ষিত বাঁধ সংস্কারের কাজ শুরু হয়নি। এতে এলাকাবাসী চিন্তিত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ধলঘাটার প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে যায়। ২০০৭ সালের নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সিডর ও গত বছরের আইলার আঘাতে এই বাঁধ পুনরায় ক্ষতিগ্রস্ত হয়। অবস্থা এতটাই খারাপ যে, জোয়ারের পানি বাঁধের ভাঙা অংশ দিয়ে এলাকার ভেতরে ঢুকছে আবার ভাটার সময় বের হয়ে যাচ্ছে। এতে এলাকার চাষিরা তাঁদের জমিতে ধানসহ অন্যান্য ফসল আবাদ করতে পারছেন না। অন্যদিকে এ এলাকায় চিংড়ি চাষও করা সম্ভব হচ্ছে না। পাউবো সূত্রে জানা গেছে, ধলঘাটার ৭০ নম্বর পোল্ডারের অধীন বাঁধ সংস্কারের জন্য ২০০৬ সালের জানুয়ারি মাসে প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়। ওই মাসেই এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সামান্য কাজ করে বাকি কাজ ফেলে পালিয়ে যায়। এরপর দরপত্রটি বাতিল করে ২০০৮ সালের ৮ মার্চ বাঁধ সংস্কারের আরেকটি দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ঠিকাদারের কাগজপত্রে গরমিল থাকায় ওই দরপত্রটি বাতিল করা হয়। সর্বশেষ ২০০৯ সালের ৩১ মার্চ সাড়ে ছয় কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য প্রায় ১৫ কোটি ৬৭ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ১৫ মাস পরও এ কাজ শুরু হয়নি। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল আহমদ বলেন, ‘শিগগিরই বাঁধ সংস্কারের কাজ শুরু করা না হলে চলতি বর্ষা মৌসুমে সাগরের করাল গ্রাস থেকে এলাকা রক্ষা করা কঠিন হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘বাঁধ সংস্কার না হওয়ায় যেকোনো মুহূর্তে দুর্যোগের কারণে এই এলাকার লক্ষাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু করার জন্য পাউবোকে বলা হয়েছে।’ পাউবোর কক্সবাজার কার্যালয়ের (উপকূলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্প) উপসহকারী প্রকৌশলী এ টি এম মাসুদুর রাব্বি বলেন, ‘ঠিকাদারের কাগজপত্র যাছাই-বাছাই করতে কিছুটা বিলম্ব হওয়ায় গত ১৫ মাসেও বাঁধ সংস্কারের কাজ শুরু করা সম্ভব হয়নি। জোয়ারের পানি যাতে এলাকায় ঢুকতে না পারে, সে জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’