নবীগঞ্জে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না ইউএনও
বাঁধ সংস্কারে অনিয়ম প্রমাণিত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির দুই সদস্যের বিরুদ্ধে হাওরের ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে গঠিত কমিটির তদন্তে এ অভিযোগ প্রমাণিত হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ওই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনগত ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে এ অভিযোগ অস্বীকার করে ইউএনও তাজিনা সারওয়ার বলেন, অভিযুক্ত ব্যক্তিরা প্রতিবেদনটি পুনরায় অন্য কোনো কর্মকর্তার মাধ্যমে তদন্তের জন্য আবেদন করেছেন। পুনঃ তদন্ত করা যায় কি না, প্রশাসন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে দু-চার দিনের ভেতরে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
অভিযোগে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার গুঙিয়াজুড়ি হাওরের প্রায় ৩০ হাজার একর জমির ফসল রক্ষার জন্য কর্মসৃজন প্রকল্পের অধীনে বিজনা নদীর প্রতিরক্ষা বাঁধের শ্রীমতপুর থেকে কাটাখালী পর্যন্ত ছয় কিলোমিটার বাঁধের মধ্যে সাত হাজার ফুট (২ দশমিক ১৩ কিলোমিটার) সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী ১১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয় কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আকবর আলী ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছাদিকুল হককে। ফেব্রুয়ারির প্রথম দিকে শুরু করে ৪০ দিনে, অর্থাৎ গত মার্চ মাসের মধ্যে তাঁদের প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এ সময়ের মধ্যে তাঁরা মাত্র ১ হাজার ৫০০ ফুটের কাজ করেন।
গত এপ্রিল মাসে আকস্মিক বন্যায় এ বাঁধের দুর্বল অংশ দিয়ে গুঙিয়াজুড়ি হাওরের প্রায় ২০ হাজার একর জমির ধান তলিয়ে যায়। এপ্রিল মাসে হাওর এলাকার কৃষকেরা বাঁধ সংস্কারে দুর্নীতি হওয়ার ঘটনায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বিষয়টি তদন্তের নির্দেশ দেয় নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে। নবীগঞ্জের ইউএনও তদন্তের দায়িত্ব দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল নুরকে। তিনি গত ১৪ মে সরেজমিন তদন্ত করে ব্যাপক অনিয়ম পান। এ বিষয়ে তিনি ৩০ মে ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন দেন। তাতে তিনি উল্লেখ করেন, ১ হাজার ৫০০ ফুটের মতো কাজ করা হয়। বাকি কাজ না করেই প্রকল্প কাজ সমাপ্ত করেছেন ইউপি সদস্য আকবর আলী ও ছাদিকুল হক।
এ বিষয়ে জানতে চাইলে আকবর আলী ও ছাদিকুল হক বলেন, তাঁরা প্রকল্পের সভাপতি হলেও কর্মসৃজন প্রকল্পের এ টাকাপয়সার লেনদেন হয়েছে শ্রমিকের ব্যক্তিগত ব্যাংক হিসেবে। এখানে তাঁদের অনিয়ম করার কোনো সুযোগ নেই।