বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশে কাদা ও পলি মাটি না দিয়ে শুধু বালু এবং শ্রমিকের বদলে মেশিন ব্যবহার করা হচ্ছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশে কাদা ও পলি মাটি না দিয়ে শুধু বালু এবং শ্রমিকের বদলে মেশিন ব্যবহার করা হচ্ছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশ সংস্কারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়মানুযায়ী পলি ও কাদা মাটি দিয়ে সংস্কারকাজ করার কথা থাকলেও দেওয়া হচ্ছে শুধু বালু। এ ছাড়া শ্রমিকের বদলে ব্যবহার করা হচ্ছে এক্সাবেটরের মতো মেশিন। ফলে বাঁধটি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে বন্যার পানির চাপে ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধের ফুলছড়ি উপজেলার সিংড়িয়া এলাকায় ১৮০ মিটার অংশ ভেঙে যায়। এই অংশ সংস্কারের জন্য চলতি বছরের ৫ মার্চ দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ দেওয়া হয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। এই কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ৭৮৮ টাকা। কাজের দায়িত্ব পায় ফেনী জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং। ১০ এপ্রিল ভেঙে যাওয়া অংশের সংস্কারকাজ শুরু করা হয়।
নীতিমালা অনুযায়ী, বাঁধ সংস্কারকাজে ৩০ শতাংশ কাদা মাটি, ৪০ শতাংশ পলি এবং ৩০ শতাংশ বালু দিয়ে ভেঙে যাওয়া অংশ ভরাট করার কথা। শুধু তা-ই নয়, ভরাট করতে হবে শ্রমিক দিয়ে মাটি কেটে। এ ছাড়া বাঁধটি মজবুত করতে ভেঙে যাওয়া অংশ ভরাট করার পর দুই পাশেই স্যান্ড সিমেন্টের বস্তা দিতে হবে।
কিন্তু গত বুধবার সকালে বন্যানিয়ন্ত্রণ বাঁধের সিংড়িয়া এলাকায় সরেজমিনে দেখা যায়, কর্ম এলাকায় কোনো শ্রমিক নেই। দুটি স্কাভেটর মেশিন দিয়ে নদ থেকে বালু কাটা হচ্ছে। সেই বালু একটি চেইনড্রোজার মেশিন দিয়ে ক্ষতিগ্রস্ত অংশে ফেলা হচ্ছে।
এ সময় সিংড়িয়া গ্রামের ব্যবসায়ী অনিমেষ কুমার বলেন, গত বছর বন্যার সময় বাঁধটিতে গর্ত দেখা দেয়। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ তখন কোনো গুরুত্ব দেয়নি। ফলে গত বছরের আগস্ট মাসে বাঁধটি ভেঙে ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন প্লাবিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এখন সেই বাঁধ বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে বাঁধটি আবারও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই গ্রামের পলাশ চন্দ্র বললেন, মাটি দিয়ে নির্মিত বাঁধটি গত বছর পানির চাপে ভেঙে যায়। এবার বালু দিয়ে বাঁধ নির্মাণ করা হলে এলাকাবাসীর কোনো কাজেই আসবে না। শুধু সরকারের টাকা গচ্চা যাবে।
গ্রামের দিনমজুর কাশেম মিয়া নিজের ভাষায় বলেন, ‘শুনচি কামলা দিয়া মাটি কাটার কতা। গায়োত কাম হবার নাগচে। কিনতো হামারঘরোক কাউয়ো কামোত নেয় না।’
একই গ্রামের দিনমজুর জোব্বার মিয়া বলেন, ‘হামরা নদীভাঙা মানুষ। আগে গেরেসতো আচিনো। নদী হামারঘরে সগ কারি নিচে। একন হামরা কামলা দিয়া সংসার চালাই। ইরি কাটা শুরু হয় নাই। একন হাতোত কাম নাই। বাড়ির কাচে মাটি কাটার কাম হবার নাগচে। কিন্তুক হামারঘরোক কামলা নেয় না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী জুয়েল মিয়া বলেন, বর্ষা মৌসুম আসছে। জুন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। এ ছাড়া কাদা ও পলি মাটি সংগ্রহ করে শ্রমিক দিয়ে কাজ করলে অনেক বেশি সময় লাগবে। তাই দ্রুত কাজ শেষ করতে মেশিন ব্যবহার করা হচ্ছে।
একই বিষয়ে গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্রমিক দিয়ে মাটি ফেলতে হবে ঠিক। কিন্তু বর্ষার আগে কাজ শেষ করতে হবে। তাই ঠিকাদারকে চাপ দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, এই কাজের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় ধরা হলেও বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৩০ লাখ। কাদা ও পলি মাটি দেওয়ার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হচ্ছে।