বাঁধ সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ না করেই সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার উদগল হাওর রক্ষা বাঁধ সংস্কার প্রকল্পে বরাদ্দ দেওয়া ১২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উদগল হাওর পারের কাশিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ উসমান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালকের কাছে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন। পাউবো দিরাই কার্যালয় থেকে জানা গেছে, উদগল হাওর রক্ষা বাঁধ সংস্কারের জন্য চলতি বছর পাউবো ১২ লাখ টাকা বরাদ্দ দেয়। একটি প্রকল্প কমিটির মাধ্যমে এপ্রিলে শুরু করে মে মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা। উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য টিপু সুলতানকে এ প্রকল্পের সভাপতি করা হয়। প্রকল্পের আওতায় বাঁধের ভেঙে যাওয়া ২১টি স্থান মাটি দিয়ে ভরাট করার কথা। অভিযোগকারী উসমান জানান, আনন্দপুর থেকে কাশিপুর পর্যন্ত বাঁধের ভেঙে যাওয়া পাঁচটি স্থানে মাটি কাটা হয়নি। এই প্রকল্পের চার ভাগের এক ভাগ কাজও হয়নি। এ দুর্নীতির বিষয়ে তিনি পাউবো মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওলিউল হক অভিযোগ করে বলেন, ‘এ প্রকল্পে বেশি হলে দুই থেকে আড়াই লাখ টাকার কাজ হয়েছে। বাকি টাকা হরিলুট করা হয়েছে। আমরা এলাকাবাসী বিষয়টি তদন্ত করার দাবি জানাচ্ছি।’ প্রকল্পের সভাপতি টিপু সুলতান বলেন, ‘বাঁধ সংস্কারের কাজে কোনো দুর্নীতি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার কাজ দেখে গেছেন। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্য এসব করছে।’ হবিবপুর ইউপির চেয়ারম্যান সুবল চন্দ্র দাস জানান, প্রকল্পের কাজ সরকারি বিধিমোতাবেক হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার এ প্রকল্পের কাজ তদারকি করেছে। পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মুসলেহ উদ্দিন বলেন, উদগল প্রকল্পের কাজ আমি কয়েকবার দেখেছি। কাজ ভালো হয়েছে।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।