বাঁধ সংস্কারের নির্দেশ কেন দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের চার জেলায় ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ বা সংস্কারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
একই সঙ্গে বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুরের ক্ষতিগ্রস্ত বাঁধগুলো পুনর্নির্মাণ বা সংস্কারে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। অর্থসচিব, পরিকল্পনাসচিব, স্থানীয় সরকারসচিব, ভূমিসচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও প্রধান প্রকৌশলীসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে চার জেলায় বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তা ও কী পরিমাণ বাঁধ ক্ষতিগ্রস্ত রয়েছে, তা নিরূপণ করে তিন মাসের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে স্থানীয় সরকারসচিব ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২ মার্চ রিটটি করে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ পরে প্রথম আলোকে বলেন, সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত ওই চার জেলার কিছু কিছু বাঁধ এখনো সংস্কার বা মেরামত করা হয়নি বলে গণমাধ্যমে এসেছে। এর ফলে ওখানকার বিস্তীর্ণ এলাকায় লবণাক্ত পানি ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ওই সব বাঁধ সংস্কার বা পুনর্নির্মাণ না করায় জনসাধারণ জীবন ধারণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে রিটটি করা হয়।