বাঁধ হুমকিতে ফেলে তোলা হচ্ছে বালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর বাঁধ ঘেঁষে মাটি ও বালু তুলে ট্রাকে করে শহরে নেওয়া হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বাঁধটি। এটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর বাঁধ এলাকার দৃশ্য। জানা গেছে, উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের পূর্ব মহীপুর গ্রামে তিস্তার বাঁধ ঘেঁষে অবাধে মাটি কাটা হচ্ছে। ওই এলাকার নিচু জমি ও নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিবছর বন্যার আগ মুহূর্তে বাঁধটি ভেঙে যায়। আবাদি জমি ও বসতবাড়িও ভাঙনের মুখে পড়ে। এলাকার লোকজনের অভিযোগ, ’৯৮ সালের বন্যায় ওই এলাকার বাঁধটি ভেঙে যাওয়ার উপক্রম হলে সেনাবাহিনীর বিশেষ দল এটি রক্ষা করে। এর ফলে ওই এলাকার জমি ও বসতবাড়ি রক্ষা পায়। এ ছাড়া গত বছর আবারও বাঁধটি হুমকির সম্মুখীন হলে স্থানীয় জনগণ বাঁশ ও বালুর বস্তা দিয়ে তা রক্ষা করে। নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার লোকজন জানান, স্থানীয় প্রভাবশালীরা বছরের পর বছর ধরে এ কাজ করে আসছেন। তাঁদের বিরুদ্ধে কিছু বলা যায় না। ট্রাকে মাটি ও বালু তোলার সময় এলাকার স্থানীয় এক ব্যক্তি সাজু মিয়া বললেন, ‘এসব আগের তোলা বালু মাটি।’ ওই এলাকার জমিগুলো তাঁদেরই দাবি করে তিনি বলেন, ‘এ ব্যাপারে উপজেলা প্রশাসনে আবেদন করা হয়েছে। তবে বালু উত্তোলন বা মাটি কাটার অনমুতি এখনো মেলেনি।’ লক্ষ্মীটারি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘এই কাজগুলো এলাকার গরিব মানুষ করছে। এতে লেখালেখির কিছু নেই।’ গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, কেউ বালু তুলছে না। কেউ তুলে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’