বাঁধ হয়নি, ৩৭টি হাওরের ফসল অরক্ষিত
সুনামগঞ্জের ৩৭টি হাওরের ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময় শেষ হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত একটি হাওরেরও বাঁধের কাজ শেষ হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি, ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে বাঁধের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ৫০ থেকে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।
এ দিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় বোরো ফসল নিয়ে এবারও দুশ্চিন্তায় আছেন হাওরপারের কৃষকেরা। তাঁরা বলছেন, বৃষ্টি শুরু হলে নির্মাণাধীন বাঁধ ভেঙে যাবে। তখন কষ্টের ফসল রক্ষা করা সম্ভব হবে না।
সুনামগঞ্জ পাউবো জানায়, চলতি বছর জেলার ৩৭টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ কোটি টাকায় ২৪০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে কাজ হচ্ছে। বাকি পাঁচ কোটি টাকার কাজ হচ্ছে ঠিকাদারের মাধ্যমে। কাজের সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু স্থানীয় সাংসদেরা পিআইসির তালিকা জমা দিতে দেরি করায় দেরিতে কাজ শুরু হয়। কোনো কোনো উপজেলায় নির্ধারিত সময়ের দেড় মাস পরে কাজ শুরু হয়। যে কারণে কাজ শেষ করতে বেশি সময় লাগছে।
এ নিয়ে গত ১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বাঁধের কাজে ধীরগতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত সোমবার ধরমপাশা উপজেলার চন্দ্র সোনারথাল হাওরের হোসাখালী গ্রামের পাশের বাঁধে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২ জন শ্রমিক বাঁধে মাটি ফেলছেন। বাঁধের কাজ এখনো অর্ধেক বাকি। ওই প্রকল্পের সভাপতি স্থানীয় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহীন খান বলেন, ‘শ্রমিক পাওয়া যায় না। তাই কাজ শেষ করতে দেরি হচ্ছে।’ ওই হাওরের কাটাখালী বাঁধে গিয়ে কোনো শ্রমিক পাওয়া যায়নি। বাঁধে কিছু মাটি এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে। প্রকল্পের সভাপতি একই ইউপির সদস্য জোছনা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মুক্তারপুর গ্রামের পাশের বাঁধ, ধরমপাশার সোনামড়ল হাওরের বাঁধ গুরমা, গোড়াডোবা ও কাইলানী হাওরে বাঁধের কাজ শেষ হয়নি।
জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর, সুরিয়া-বিবিয়ান, টাংনি হাওরে এখনো বাঁধের কাজ শেষ হয়নি। নলুয়ার হাওরপারের বাসিন্দা চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ আলী জানান, কাজের প্রথম কিস্তির টাকা পেতে বিলম্ব হওয়ায় পিআইসিগুলোর কাজ শুরু করতে দেরি হয়েছে। এ কারণে এই হাওরে বাঁধের কাজ এখনো ৫০ শতাংশ বাকি আছে।
নলুয়ার হাওরের ফসল রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের উপজেলায় বাঁধের কাজ হয়েছে ৪০ থেকে ৫০ ভাগ। যা কাজ হচ্ছে তাও নিম্নমানের।’ জানা গেছে, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের গজারিয়া বাঁধ, বেকা বাঁধ, আঙ্গরুলি হাওরের রাজাপুর এলাকার বাঁধ, সদর উপজেলার কানলার হাওরের বিরামপুর বাঁধ, দেখার হাওরের সদরপুর বাঁধের কাজ এখনো শেষ হয়নি।
সুনামগঞ্জ নাগরিক পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে কয়েকটি বাঁধ পরিদর্শন করেছি। মনে হয়েছে, দায়সারাভাবে কাজ হচ্ছে। জোর তদারকি নেই।’
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, ‘প্রতিবছর এই সময়টায় হাওরের ফসল রক্ষার জন্য চিৎকার করি। আমার উপজেলায় ৫০ শতাংশের ওপর কাজ হয়েছে বলা যাবে না। কাজ দেরিতে হলে বাঁধ দুর্বল হয়, আর দুর্বল বাঁধে ফসল রক্ষা করা যায় না।’
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, দিরাই উপজেলায় বাঁধের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সাদ আহমদ বলেন, ‘বাঁধের কাজ এ পর্যন্ত ৮০ শতাংশ শেষ হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত কাজের সময় বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। কাজে কোনো অনিয়ম হচ্ছে না।’