বাঁধটি ভাঙলেই প্লাবিত হবে ফরিদপুর শহর
পদ্মা নদীতে পানি বাড়ায় ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়ন ও চরভদ্রাসন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ডিক্রিরচর ইউনিয়নের ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ফরিদপুর শহরের ব্যাপারীডাঙ্গী এলাকায় স্লুইসগেট নির্মাণের জন্য কেটে ফেলা একটি বাঁধ দিয়ে পানি ঢোকার আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছে। পানির চাপে এই বাঁধ ভেঙে গেলে ফরিদপুর শহর প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। গত তিন দিনে এ এলাকার ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল সকাল ছয়টায় বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জানা গেছে, ২০০৫ সালে ফরিদপুর শহরকে ভাঙনের কবল থেকে রক্ষার জন্য পাউবো গোলাপী মাতুব্বরেরডাঙ্গী থেকে ব্যাপারীপাড়া পর্যন্ত ভুবনেশ্বর নদীর ওপরে আড়াআড়িভাবে প্রায় ৪০০ মিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ করে। সম্প্রতি পাউবো ওই বাঁধের মাঝামাঝি অংশে ৯৪ লাখ টাকা ব্যয়ে ৩৯ মিটার দৈর্ঘ্যের একটি স্লুইসগেট নির্মাণের কাজ শুরু করে। বর্তমানে পানি বাড়ার কারণে কাজ বন্ধ রয়েছে। কিন্তু বাঁধের মাঝামাঝি অংশ কেটে ফেলায় বন্যার ঝুঁকিতে রয়েছে ফরিদপুর শহর। স্লুইসগেট নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের প্রকৌশলী মো. ফখরুজ্জামান ওয়ালিদ জানান, বাঁধের কেটে ফেলা অংশ দিয়ে পানি ঢুকে যাতে ফরিদপুর শহর প্লাবিত হতে না পারে সে জন্য সেখানে বালুর বস্তা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে এখানে ৪০ হাজার বালুর বস্তা রাখা হয়েছে। গতকাল সকালে ওই জায়গায় গিয়ে দেখা গেছে, বালুর বস্তাগুলোর এক ফুট নিচে নদীর পানি অবস্থান করছে। তাই পানির চাপে যেকোনো মুহূর্তে বালুর বস্তা দিয়ে সৃষ্টি করা বাঁধ ভেঙে পড়তে পারে।ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল প্রথম আলোকে বলেন, পদ্মা নদীর পানি বাড়তে থাকলে বালুর বস্তা দিয়ে দেওয়া এই অস্থায়ী বাঁধ টিকবে না।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ফরিদপুর শহরকে বন্যার হাত থেকে রক্ষার জন্য সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য পাউবোর ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই জায়গাটি নিয়ে চিন্তিত আছি। বিপর্যয় তো ঘটতেই পারে। তবে আমরা সর্বাত্মক সতর্ক আছি। আমি নিজে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি।’