বাঁধন এখনো প্রাণে প্রাণে

রংপুর জিলা স্কুল থেকে ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন (এসএসসি) পাস করেছিলেন মোকাররম হোসেন। এরপর ৭১ বছর পেরিয়ে গেছে। তবে স্কুলজীবনের স্মৃতি এই ৮৮ বছর বয়সীর চোখে আজও অমলিন। সেই স্মৃতির টানে আজ আবার ফিরে এলেন প্রিয় প্রাঙ্গণে। স্কুলের ১৮৪ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার থেকে শুরু হলো দুদিনের পুনর্মিলনীর অনুষ্ঠান।
স্কুলের প্রধান ফটকে পুলিশের ব্যাপক নিরাপত্তা থাকায় ভেতরে কোনো গাড়ি প্রবেশ করেনি। সবাইকে হেঁটে স্কুলের ভেতরে যেতে হয়েছে। মোকাররম হোসেনও প্রধান ফটক থেকে অনেক দূরের পথ হেঁটে স্কুল প্রাঙ্গণে এলেন। এরপরও তাঁর ক্লান্তি নেই। চোখ–মুখজুড়েই ছিল হাসি। যদিও তাঁর সতীর্থ কাউকেই এই পুনর্মিলনী উৎসবে পাননি। তিনি বলছিলেন, ‘আমি, আমার ছেলে, নাতিসহ এবার এই পুনর্মিলনী উৎসবে সাতজন নিবন্ধন করেছি।’
এবারের পুনর্মিলনী উৎসবের স্লোগান ‘যেথায় থাকি, যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’। আজ দিনজুড়ে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে নানা বয়সী, নানা মানুষের উচ্ছলতা, শুভেচ্ছা বিনিময়, স্মৃতি রোমন্থন বুঝিয়ে দিয়েছে স্পষ্ট—বাঁধন আলগা হয়নি মোটেও, আছে একেবারে প্রাণে প্রাণে।
সম্মিলিত পুনর্মিলনী উদ্যাপন পর্ষদ এই পুনর্মিলনীর আয়োজন করেছে। দুপুরে প্রধান অতিথি সংস্কৃতি–বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন । এরপর বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পাঠের পর শোকপ্রস্তাব ও নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এ আয়োজন ঘিরে যে প্রাণের স্পন্দন তৈরি হয়েছে, সেটি যেন আমাকেও স্পর্শ করেছে। এই জিলা স্কুলে পড়ালেখা করতে না পারলেও বিদ্যালয়ের বিশাল মাঠে স্কুলজীবনে হকি খেলেছি। তখন আমি অষ্টম শ্রেণির ছাত্র ছিলাম। রাজশাহীকে ২-০ গোলে হারিয়েছি।’
স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘রংপুর আমার বাড়ি না হলেও পাশের জেলা নীলফামারীতে আমার বেড়ে ওঠা। ৬২-৬৪ সাল পর্যন্ত এইচএসসি পড়েছি রংপুরের কারমাইকেল কলেজে। এ কারণে রংপুরের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।’
স্কুলের ছাত্র ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভালো মানুষ হতে হলে শুধু জিপিএ-৫ পেলে চলবে না। পাঠ্যপুস্তকের বাইরে নানা বিষয়ের বই পড়তে হবে। জ্ঞানের চর্চা করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পুনর্মিলনী উদ্যাপন পর্ষদের আহ্বায়ক চিকিৎসক জাবেদ আখতার। স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পর্ষদের সদস্যসচিব এ কে এম তহমিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, প্রাক্তন শিক্ষার্থী রাশেদ মাহবুব রব্বান, স্বাত্বিক শাহ আল মারুফ।
আলোচনা পর্বের অনুষ্ঠান পরিচালনা করেছেন লেখক ও সাংবাদিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনিসুল হক।
আলোচনা পর্বের পর শুরু হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। এই স্কুলে লেখাপড়া করা প্রবীণ রাজনীতিক, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ভাষাসৈনিক মোহাম্মদ আফজালকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী চারজন ভাষাসৈনিক ও ২০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া চার ভাষাসৈনিক হলেন মোহাম্মদ আফজাল, সুফী মোতাহার হোসেন, মীর আনিসুল হক পেয়ারা ও আবদুল গণি সরকার।
২০ জন মুক্তিযোদ্ধা হলেন মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান (মরণোত্তর), সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, মোছাদ্দেক হোসেন বাবলু, সদরুল আলম দুলু, আব্দুল আউয়াল তালুদকার, রুহুল আজিজ, মোজাফফর হোসেন চাঁদ, রেজাউল করিম জুন্নুর, আব্দুল রশিদ আলমগীর, ফজলে রাব্বি বাবু, আবুল কালাম আজাদ, আবুল মাসুদ চৌধুরী নান্টু, হারুন-অর-রশীদ (মরণোত্তর), আলী আশরাফ, জিয়াউল হক জিয়া, আমিনুল ইসলাম, মাহবুবুল আলম সাজু, সামসুল আলম, আমিনুল হক ও মাসুদার রহমান স্বপন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আরিফুল হক।
দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করা হলেও সকাল ১০টা থেকেই প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন। সেই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও উপস্থিত হন। উপস্থিত হন সাবেক শিক্ষক-কর্মচারীরাও। দুপুর হওয়ার আগেই বিদ্যালয়ের মাঠ ভরে যায়। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে ওঠেন একেকজন। ফিরে যান পুরোনো সেই দিনে।
সম্মাননা প্রদান শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

জিলা স্কুলের মাঠজুড়ে টাঙানো হয়েছে শামিয়ানা। বিশাল মঞ্চ। আলোকসজ্জায় সেজেছে পুরো স্কুল। পুনর্মিলনী উৎসবে অংশ নেওয়া সবার পরনে ছিল লাল রঙের টি-শার্ট। শোভাযাত্রা শেষে শিল্পী রথীন্দ্রনাথ রায় সংগীত পরিবেশন করেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে অনুষ্ঠান। ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণা এবং ঢাকা থেকে আসা ব্যান্ড দল অর্থহীন ও লালন দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।