বাঁধন খুলে দেওয়া হলো শিশু দুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী থানার তালুকদারপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী দুই ভাইবোন আরিফ (৭) ও সোনিয়ার (৫) খোঁজ নিয়েছেন স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার তাদের পায়ের রশি খুলে দেওয়া হয়েছে। গতকাল প্রথম আলোর ৩ নম্বর পৃষ্ঠায় ‘মাকে কাছে পেতে চায় ওরা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের উচ্চপর্যায় থেকে বরগুনার জেলা প্রশাসক মো. মজিবুর রহমান ও পুলিশ সুপার মাহবুব হাকিমকে এ বিষয়ে খোঁজ নিতে বলা হয়। যে মামলায় শিশু দুটির মা আটক রয়েছেন, সেই মামলার তদন্ত কর্মকর্তা তালতলী থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন সকালেই ওই শিশুদের বাড়ি যান এবং তাদের পায়ের বাঁধন খুলে দেন। দুপুর দুইটার দিকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ দৌলা ও আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাখাওয়াত হোসেন তালুকদারপাড়া গ্রামে যান এবং ওই শিশুদের খালা জোহরা এবং কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।জাতীয় মহিলা আইনজীবী সমিতির বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত আইনজীবী সেলিনা আকতার প্রথম আলোকে বলেন, সমিতির পক্ষ থেকে তাঁকে দুই শিশুর ব্যাপারে খোঁজ নিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘আমি প্রাথমিকভাবে খোঁজ নিয়ে যা জেনেছি, তাতে ওদের সুরক্ষা দিতে ওদের মাকে জামিনে মুক্ত করা প্রয়োজন। মামলার আইনগত ও মানবিক দিক বিবেচনা করে আমরা ওদের মাকে মুক্ত করার ব্যাপারে সহায়তা দেব।’ বরগুনা জেলা পুলিশ সুপার (এসপি) মাহবুব হাকিম বলেছেন, তদন্তে তাঁরা নিশ্চিত হয়েছেন, হত্যাকাণ্ডে শিশু দুটির বড় ভাই আল আমিন জড়িত ছিলেন না। তাই তাঁকে এ মামলায় হয়রানি না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আল আমিন নির্ভয়ে বাড়িতে আসতে পারেন। গত ২২ জুলাই দুপুরে তালুকদারপাড়া গ্রামের শাহ আলম ও আবুল কালামের মধ্যে হাতাহাতির সময় আবুল কালাম গুরুতর আহত হন। ওই দিন হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম মারা যান। এ ঘটনার পর শাহ আলম ও তাঁর ছেলে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী এলাচি বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। বাড়িতে থাকে শুধু তাঁদের ছেলেমেয়ে আরিফ ও সোনিয়া।