বাঁধনের ১৯ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ১৯ বছর পূর্তি উদ্যাপন করেছে। সংগঠনটির ২০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল সোমবার ÿসকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাঁধন কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় পরিষদের অনুষ্ঠানের পাশাপাশি সারা দেশে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি ইউনিট ও ১২টি পরিবারে একযোগে ১৯ বছর পূর্তি দিনব্যাপী উদ্যাপন করছে।
সাধারণ সম্পাদক মো. আলী আজম বলেন, সকালে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাঁধন কর্মীদের নিয়ে এক বর্ণিল শোভাযাত্রা বের করে।
মানবতার সেবায় ১৯৯৭ সাল থেকে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও সংকটাপন্ন মানুষের সহায়তার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। গত বছর বাঁধন ৫৫ হাজার ২১১ ব্যাগ রক্তদান করে। এ ছাড়া ১ লাখ ৫১ হাজার ৩৬৮ জনকে বিনা মূল্যে রক্তের গ্রুপ জানাতে সক্ষম হয়েছে।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার টিএসসিতে ফিরে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) আখতারুজ্জামান, বাঁধনের উদ্যোক্তা ও বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিদুল ইসলাম রিপন ও কেন্দ্রীয় উপদেষ্টারা। বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. সাজ্জাদুর রহমান সরকার এবং সাধারণ সম্পাদক মো. আলী আজম বাঁধনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।