বাঁধাকপির খেতে ছত্রাকের সংক্রমণ, চিন্তিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সদর উপজেলার বাঁধাকপি খেতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক বাঁধাকপির খেত নষ্ট হয়ে গেছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও কৃষকেরা ফল পাচ্ছেন না।

উপজেলার ইছালী ও লেবুতলা এলাকায় গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, বাঁধাকপির গাছগুলো শুকিয়ে নেতিয়ে পড়েছে। সেচ দিয়ে এবং ওষুধ ছিটিয়ে ঢলে পড়া গাছ সতেজ রাখার চেষ্টা চলছে। কয়েকজন কৃষক খেত থেকে গাছ উঠিয়ে এই প্রতিবেদককে দেখান। গাছের শিকড়গুলো শুকিয়ে গেছে। তাঁরা বলেন, ইছালী ও লেবুতলা ইউনিয়ন বাঁধাকপি চাষের জন্য বিখ্যাত। এখান থেকে বাঁধাকপি সরাসরি ঢাকায় যায়। আর সপ্তাহ খানেক পর বাজারে বাঁধাকপি ওঠার কথা। এ অবস্থায় এলাকার অনেক খেতে ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। এতে প্রথমে গাছের শিকড় শুকিয়ে যায়। এরপর পাতা লাল হয়ে সম্পূর্ণ গাছ শুকিয়ে যাচ্ছে। তাঁরা বলেন, এবারই প্রথম এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ওষুধ ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না, বরং ক্রমেই সংক্রমণের হার বাড়ছে।

কোদালিয়া বিলে আড়াই বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছেন নোংগরপুর গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান। ইতিমধ্যে তাঁর ১০ কাঠা জমির বাঁধাকপি নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘মাত্র কয়েক দিন পর বাঁধাকপি উঠবে। এই অবস্থায় রোগে সব শেষ করে দিয়েছে। কোনো কূলকিনারা পাচ্ছি না। ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না।’

নোংগরপুর বিলে এক বিঘা পাঁচ কাঠা জমিতে বাঁধাকপির চাষ করেছেন শামসুর রহমান। তাঁর পুরো খেত এই রোগে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, ‘এক বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করতে ৩০ হাজার টাকার মতো খরচ হয়েছে। মাত্র কয়েক দিন পর খেত থেকে বাঁধাকপি তুলব। কিন্তু প্রথমবারের মতো রোগে সব শেষ করে দিয়েছে।’

এবার পাঁচ বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছেন নোংগরপুর গ্রামের কৃষক খায়রুল ইসলাম। তিনি বলেন, ‘আমার পুরো খেতে রোগ দেখা দিয়েছে। প্রথমে একটি-দুটি করে গাছ আক্রান্ত হচ্ছে। পরে পুরো খেতে এই রোগ ছড়িয়ে পড়ছে। এই রোগে আমার বাঁধাকপির এক হাজার গাছ নষ্ট হয়ে গেছে। তবে চার-পাঁচ দিন ধরে সামান্য শীত পড়ায় নতুন করে আর কোনো গাছ আক্রান্ত হয়নি।’

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম খালিদ সাইফুল্লাহ বলেন, ‘রোগটি ছত্রাকজনিত। নাম ইসক্লোসিয়াম। অধিক তাপমাত্রা ও বীজের সমস্যার কারণে রোগটি হয়ে থাকে। এতে বাঁধাকপির গাছে প্রথমে শিকড়ে পচন ধরে এবং শিকড় শুকিয়ে যায়। এ অবস্থায় গাছ আর খাবার নিতে পারে না। এতে করে আস্তে আস্তে পাতাও শুকিয়ে যায়। সরেজমিন পরিদর্শন করে কৃষকদের খেতে ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছি। শিগগিরই আক্রান্ত গাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।’